পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করে, সরকারি ফি জমা দেওয়ার পর আবেদনপত্রের গায়ে বিশেষ চিহ্ন থাকলেই দ্রুত কাজ হয়, সাধারণ লাইন থেকে সরিয়ে প্রতিবন্ধী বা বৃদ্ধদের জন্য বিশেষ সুবিধার কক্ষে নিয়ে সাধারণ আবেদনকারী যার আবেদনপত্রে বিশেষ চিহ্ন আছে তাকে দ্রুত কাজ করে দেয়া হয়।
এমন অভিযোগে জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদক অভিযান চালিয়েছে। জামালপুর পাসপোর্ট অফিসের পাশে গড়ে উঠা বিভিন্ন কম্পিউটার কম্পোজের দোকানগুলোর কয়েকটি দোকানেও দুদক অভিযান পরিচালনা করে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়েছে।
জামালপুর দুদকের উপসহকারী পরিচালক জিহাদুল ইসলামের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনার সময় দুদকের কর্মকর্তারা জেলার ইসলামপুর উপজেলার ডিগ্রিরচরের সেবাপ্রার্থী আব্দুল হাকিমকে পায়।
পুরাতন পাসপোর্ট হারিয়ে যাওয়ায় নতুন পাসপোর্টের জন্য আসলে এক কম্পিউটার অপারেটর তার কাছ থেকে অতিরিক্ত দুই হাজার টাকা নিয়ে পাসপোর্ট করে দেয়ার কথা বলে। দুদক কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে দোকান ছেড়ে পালিয়ে গেছে ওই কম্পিউটার অপারেটর।
দুই তিন ঘন্টা অভিযান চালিয়ে আবেদনপত্রে বিশেষ চিহ্নের অভিযোগের সত্যতা মিলেছে বলে জানিয়েছেন দুদকের উপসহকারী পরিচালক জিহাদুল ইসলাম।
সাংবাদিকদের তিনি বলেন, বিভিন্ন অভিযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। কম্পিউটারের দোকানের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায়ের পাশাপাশি আবেদনপত্রে বিশেষ চিহ্ন পাওয়া গেছে। আমরা এ বিষয়গুলো উল্লেখ করে প্রতিবেদন পাঠাবো। প্রধান কার্যালয়ের নির্দেশনা মেনে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক রিয়াদ রায়হান আবির বলেন, কোন ধরনের অনিয়মের অভিযোগ প্রমানিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্হা নেয়া হবে। আমার কক্ষ সবার জন্য উন্মুক্ত, যেকোনো সেবাপ্রার্থী সমস্যা সমাধানে আমার সাথে সরাসরি কথা বলতে পারবে।


