জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ২২ নভেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এ ছাড়া আগামী বছরের ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে (সরকারি ছুটির দিন ব্যতীত) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সোমবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা বিষয়টি নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, গত বছরের মতো এবারও সাতটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটে আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। ‘সি-১’ ও ‘আইবিএ-জেইউ’ ইউনিটে ৬০০ টাকা এবং ‘ই’ ইউনিটে ৭০০ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে।
‘এ’ ইউনিটের অধীনে রয়েছে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)। ‘বি’ ইউনিটের অন্তর্ভুক্ত সমাজবিজ্ঞান ও আইন অনুষদ। ‘সি’ ইউনিটের অধীনে কলা ও মানবিকী অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘সি-১’ ইউনিটে নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
এ ছাড়া ‘ডি’ ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদ, ‘ই’ ইউনিটের অধীনে ব্যবসায় শিক্ষা অনুষদ এবং পৃথক ইউনিট হিসেবে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (আইবিএ-জেইউ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার সাতটি ইউনিটের অধীনে বিশ্ববিদ্যালয়ের ৩৭টি বিভাগ ও ইনস্টিটিউটে মোট ১ হাজার ৮৪৮টি আসনের বিপরীতে শিক্ষার্থী ভর্তি করা হবে।
শিথিল হয়েছে আবেদনের যোগ্যতা
এবারের ভর্তি পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে আগের তুলনায় যোগ্যতা কিছুটা শিথিল করা হয়েছে। পাশাপাশি দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগও রাখা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৩ ও ২০২৪ সালের মাধ্যমিক বা সমমান এবং ২০২৫ ও ২০২৬ সালের উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন।
ভর্তি-সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলি বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে (admission.juniv.edu) প্রকাশ করা হয়েছে। আবেদনকারীকে ওয়েবসাইটের নির্দেশনা অনুসরণ করে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘এ’ ইউনিটে আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।
‘বি’ ইউনিটে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০-সহ মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। অন্যদিকে মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য শাখার শিক্ষার্থীদের উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০-সহ মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে।
‘সি’ ইউনিটে মানবিক শাখার শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য শাখার শিক্ষার্থীদের চতুর্থ বিষয়সহ উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।
‘সি-১’ ইউনিটে আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে।
‘ডি’ ইউনিটে আবেদনের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং সর্বমোট জিপিএ ৮.০০ থাকতে হবে।
‘ই’ ইউনিটে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। তবে ব্যবসায় শিক্ষা, মানবিক ও অন্যান্য শাখার শিক্ষার্থীদের পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে।
অন্যদিকে, আইবিএ-জেইউ ইউনিটে আবেদনের ক্ষেত্রে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য শাখার শিক্ষার্থীদের উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং সর্বমোট জিপিএ ৬.৫০ থাকতে হবে।


