...|...|...

জাতীয়

জাপানে বছরে এক লাখ কর্মী পাঠানোর বড় পরিকল্পনা বাংলাদেশের

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, রাত ৯:২৪
Shares
জাপানে বছরে এক লাখ কর্মী পাঠানোর বড় পরিকল্পনা বাংলাদেশের

ছবি: সংগৃহীত

জাপানে বছরে এক লাখ কর্মী পাঠানোর বিশাল পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ সরকার। দেশটিতে দক্ষ জনশক্তির বাড়তে থাকা চাহিদাকে কাজে লাগিয়ে তৈরি করা হচ্ছে এই রোডম্যাপ। এ ক্ষেত্রে কারিগরি প্রশিক্ষণার্থী, নির্দিষ্ট দক্ষতাসম্পন্ন কর্মী এবং পেশাজীবীদের অগ্রাধিকার দেয়া হবে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

চার দিনের জাপান সফর শেষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকায় ফেরার পথে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানবন্দরে আটকে ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট। প্রায় ৫ ঘন্টা বিলম্বের পর স্থানীয় সময় বৃহস্পতিবার  রাত ১০টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে।

এর আগে গত ২৬ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে দেশটিতে যান তারেক রহমান। সফরে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, অবকাঠামো, প্রযুক্তি ও কর্মসংস্থান সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

ছয়টি সহযোগিতা দলিল সই, বেসরকারি খাতে ১৭ সমঝোতা: প্রধানমন্ত্রীর সফরকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে ছয়টি দ্বিপক্ষীয় সহযোগিতা দলিল সই হয়েছে। এর মধ্যে রয়েছে চারটি সহযোগিতা স্মারক, একটি অনুদান চুক্তি এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতার বিষয়ে একটি অভিপ্রায়পত্র।

এ ছাড়া দুটি উন্নয়ন প্রকল্পে প্রায় ৪৬৫ কোটি ৬০ লাখ জাপানি ইয়েন ঋণ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান। এর মধ্যে বিনিয়োগ পরিবেশ উন্নয়নে একটি প্রকল্প এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায় রয়েছে।

সরকারি পর্যায়ের এসব চুক্তির পাশাপাশি জাপান বৈদেশিক বাণিজ্য সংস্থার উদ্যোগে দুই দেশের বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে। এসব উদ্যোগের লক্ষ্য দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।

সফরে বাংলাদেশে জাপানি বেসরকারি খাতে আগামী পাঁচ বছরে এক লাখ কোটি ইয়েন বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। জ্বালানি, অবকাঠামো এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ বাড়ানোর বিষয়ে দুই পক্ষ আগ্রহ প্রকাশ করে।

জাপানের শিল্পকারখানা পরিদর্শন

সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী জাপানের জ্বালানি ও সরবরাহব্যবস্থা সম্পর্কেও ধারণা নেন। তিনি ফুতসুতে জেরা প্রতিষ্ঠানের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র এবং ইচিকাওয়ায় নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেন।

বৃহস্পতিবার নাগোয়া শহরে টয়োটার মোটোমাচি কারখানা এবং শিল্প ও প্রযুক্তির ইতিহাসবিষয়ক টয়োটা স্মারক জাদুঘরও পরিদর্শন করেন তিনি। এসব পরিদর্শনের মাধ্যমে গাড়ি উৎপাদন, প্রযুক্তি ও শিল্প ব্যবস্থাপনায় জাপানের অভিজ্ঞতা সম্পর্কে জানার সুযোগ পান প্রধানমন্ত্রী।