...|...|...

বিশ্ব

জাপানে উৎসবে বিশাল শোভাযাত্রার বাহনের নিচে চাপা পড়ে ডেপুটি মেয়রের মৃত্যু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৪৯
Shares
জাপানে উৎসবে বিশাল শোভাযাত্রার বাহনের নিচে চাপা পড়ে ডেপুটি মেয়রের মৃত্যু

ছবি: সংগৃহীত

জাপানের পশ্চিমাঞ্চলে ঐতিহ্যবাহী এক শোভাযাত্রায় বিশাল আকৃতির বাহনের নিচে চাপা পড়ে আকিহিরো নাবায়ে (৫২) নামের এক উপ-মেয়রের মৃত্যু হয়েছে। এহিমে অঞ্চলের সাইজো শহরে শনিবার (১৭ অক্টোবর) এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

সোমবার (১৯ অক্টোবর) টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।

শহর কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, শনিবার সাইজো উৎসবের শোভাযাত্রায় অন্যান্য অংশগ্রহণকারীদের সাথে একটি বিশাল আকৃতির কাঠের বাহন বহন করছিলেন সাইজো শহরের উপ-মেয়রের দায়িত্বে থাকা নাবায়ে। একপর্যায়ে তিনি সেটির নিচে আটকা পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

স্থানীয় পুলিশের উপপরিচালক মাকোতো হাগিয়ামা এএফপিকে জানান, এটি নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বাহনটি উল্টে গিয়েছিল নাকি তিনি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান, সে বিষয়ে তদন্ত চলছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, ওই শোভাযাত্রায় পাশাপাশি সারিবদ্ধভাবে থাকা সর্বোচ্চ তিন টন ওজনের একটি ভারী বাহন তার ওপর পড়েছিল।

স্থানীয় মন্দিরগুলোর উদ্যোগে প্রতিবছর সাইজো উৎসবের আয়োজন করা হয়। জাপানের এদো যুগে (১৬০৩-১৮৬৮) শুরু হওয়া এই উৎসবের মূল উদ্দেশ্য হলো শস্যের ভালো ফলনের জন্য দেবতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। জাঁকজমকপূর্ণ এই উৎসবে ফুল, পাখি ও যোদ্ধার প্রতিকৃতি খোদাই করা বিশাল ও ভারী বাহন নিয়ে শোভাযাত্রা বের করা হয়।

সাম্প্রতিক সময়ে জাপানের ঐতিহ্যবাহী উৎসবগুলোতে এ ধরনের প্রাণহানির ঘটনা বেশ বেড়েছে। এর আগে গত সপ্তাহে ওসাকা অঞ্চলের পৃথক দুটি উৎসবে দ্রুতগতিতে বাঁক নেওয়ার সময় বাহন উল্টে আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এ ছাড়া গত ফেব্রুয়ারিতে দেশটির বিখ্যাত ‘নগ্ন পুরুষদের উৎসব’-এ অতিরিক্ত ভিড়ের চাপে পিষ্ট হয়ে দুজনের প্রাণহানি ঘটেছিল।