...|...|...

বিশ্ব

ইরান যুদ্ধে ৭ মাসেই ১৯ বছরের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যয় করলো যুক্তরাষ্ট্র

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, বিকেল ৫:২৩
Shares
ইরান যুদ্ধে ৭ মাসেই ১৯ বছরের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যয় করলো যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে মাত্র সাত মাসের যুদ্ধে বিপুল পরিমাণ প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) এক হিসাব অনুযায়ী, শান্তিকালীন ক্রয়ের সাধারণ হারে এই পরিমাণ ক্ষেপণাস্ত্র সংগ্রহ করতে যুক্তরাষ্ট্রের প্রায় ১৯ বছর লাগত। ফলে মার্কিন সামরিক মজুত ও ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি নিয়ে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রের হাতে আধুনিক প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ছিল প্রায় ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩৩০টি। অথচ এই সাত মাসেই ১ হাজার ৬০ থেকে ১ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র খরচ হয়ে গেছে। অর্থাৎ, আগের মোট মজুতের মাত্র এক-তৃতীয়াংশ এখন যুক্তরাষ্ট্রের হাতে অবশিষ্ট রয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধের আগে যুক্তরাষ্ট্র বছরে গড়ে প্রায় ২২৫টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর কিনত। নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন বর্তমানে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য বছরে ৬০০ থেকে ৬৫০টি ক্ষেপণাস্ত্র তৈরি করছে।

তবে এই উৎপাদন কেবল মার্কিন বাহিনীর জন্য নয়, অন্যান্য মিত্র দেশের চাহিদাও মেটাতে হয়। সিএসআইএসের পূর্বাভাস, কেবল যুদ্ধপূর্ব অবস্থার মজুতে ফিরে যেতেই যুক্তরাষ্ট্রের অন্তত ৩ থেকে ৭ বছর সময় লেগে যাবে।

বিশেষজ্ঞদের মতে, আকাশ প্রতিরক্ষায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিএসআইএসের জ্যেষ্ঠ বিশেষজ্ঞ মার্ক ক্যানসিয়ান সতর্ক করে বলেছেন, দীর্ঘ সময় ধরে ক্ষেপণাস্ত্রের এই ঘাটতি থাকলে চীনের সাথে সম্ভাব্য কোনো সংঘাতে যুক্তরাষ্ট্র বড় ধরনের ‘ঝুঁকিপূর্ণ সময়সীমার’ মুখে পড়তে পারে। পর্যাপ্ত ক্ষেপণাস্ত্রের অভাব মার্কিন সামরিক পরিকল্পনা ও আকাশ প্রতিরক্ষায় বড় চাপ সৃষ্টি করবে।