জাপানের বিপক্ষে আসন্ন ম্যাচ সামনে রেখে সম্ভাব্য একাদশের পরিকল্পনা চূড়ান্ত করছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ৪-৩-৩ ফরমেশনে দল সাজানোর চিন্তা করছেন তিনি। এতে মাঝমাঠে ব্রুনো গিমারায়েস ও আন্দ্রে সান্তোসের সাথে নতুন সংযোজন হিসেবে জায়গা পেয়েছেন রায়ান। অন্যদিকে রক্ষণভাগের বাঁ প্রান্তে কার্লোস অগুস্তো ও ডগলাস সান্তোসের মধ্যে একজনকে বেছে নেওয়ার অপেক্ষায় রয়েছেন কোচ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিঙ্গাপুরের জালান বেসার স্টেডিয়ামে দলের সব খেলোয়াড়কে নিয়ে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ অনুশীলন করান আনচেলত্তি। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো এস্পোর্তের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে জাপানের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
অনুশীলনে ৪-৩-৩ ছকে দল সাজানোর প্রস্তুতি দেখা গেছে আনচেলত্তির। মাঝমাঠে ব্রুনো গিমারায়েসের সাথে থাকছেন আন্দ্রে সান্তোস ও রায়ান। এদিন প্রথমবারের মতো পুরোপুরি স্বাভাবিকভাবে অনুশীলন করেছেন ব্রুনো গিমারায়েসও।
গোলবার সামলানোর দায়িত্ব পেতে পারেন পেদ্রো মরিসকো। গোলরক্ষক কোচ তাফারেলের নির্ধারিত রোটেশন পদ্ধতি অনুসরণ করেই তাকে শুরুর একাদশে রাখার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
তবে রক্ষণভাগের বাঁ দিক নিয়ে এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছেন আনচেলত্তি। অনুশীলনে শুরুর একাদশের খেলোয়াড়দের সাথে বেশি সময় কাটিয়েছেন কার্লোস অগুস্তো। ফলে ইন্টার মিলানের এই ডিফেন্ডার নাকি ডগলাস সান্তোস শেষ পর্যন্ত কে জায়গা পাবেন, তা এখনো নিশ্চিত নয়।
আক্রমণভাগের পরিকল্পনাতেও নতুন কিছু কৌশল নিয়ে কাজ করেছেন ব্রাজিল কোচ। অনুশীলনে প্রতিপক্ষ ছাড়াই ১১ জনের দল সাজিয়ে আক্রমণের বিভিন্ন দিক অনুশীলন করান তিনি। সেখানে মাঝমাঠের কেন্দ্রীয় অবস্থানে রায়ানকে খেলানো হয়, যার সামনে ছিলেন রাফিনিয়া। আক্রমণ তৈরির পাশাপাশি প্রতিপক্ষের রক্ষণে ফাঁকা জায়গা খুঁজে বক্সে ঢুকে গোলের সুযোগ তৈরির দায়িত্বও ছিল রায়ানের।
এদিকে ম্যাচ চলাকালে বদলি হিসেবে মাঠে নামানোর জন্য কয়েকজন খেলোয়াড়কে প্রস্তুত রাখছেন আনচেলত্তি। তাদের মধ্যে রয়েছেন মারলন গোমেস, গ্যাব্রিয়েল বন্তেম্পো ও জোয়াও গোমেস। শাখতার দোনেৎস্কের মারলন গোমেসকে অনুশীলনে কখনো দ্বিতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার, আবার কখনো মূল ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকায় দেখা গেছে।
জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ
গোলরক্ষক: পেদ্রো মরিসকো
রক্ষণভাগ: ওয়েসলি, জাইর, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও ডগলাস সান্তোস
মাঝমাঠ: আন্দ্রে সান্তোস, ব্রুনো গিমারায়েস ও রায়ান
আক্রমণভাগ: এস্তেভাও, রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।



