সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে প্রতিপক্ষের তারকা ফুটবলার হামজা চৌধুরীকে নিয়ে বিশেষ কোনো চিন্তা নেই পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাটের। বরং বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়ার বিপক্ষে খেলতেই বেশি আগ্রহী তিনি। একই সাথে এবারের আসরের ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার আশাও প্রকাশ করেছেন পাকিস্তানের এই গোলরক্ষক।
শনিবার (১৪ নভেম্বর) রাতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে শুক্রবার সকালে অনুশীলন করেছে পাকিস্তান দল। অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে নিজেদের প্রস্তুতি, বাংলাদেশের শক্তি ও ফাইনালে ওঠার প্রত্যাশার কথা জানান ইউসুফ বাট।
চলতি সাফে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ফুটবলার হামজা চৌধুরী। তবে তাকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা বা দুশ্চিন্তা নেই বলে জানিয়েছেন বাট। বরং জামাল ভূঁইয়ার সাথে মাঠে লড়াই করার অপেক্ষায় আছেন তিনি। পাকিস্তানি গোলরক্ষক বলেন, ‘হামজা বা অন্য কাউকে নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো আমার ভালো বন্ধু জামাল ভূঁইয়ার বিপক্ষে খেলা।’
হামজা ও সামিত সোমের সামর্থ্যের প্রশংসা করলেও নিজেদের দল নিয়েও আত্মবিশ্বাসী বাট। পাকিস্তান দলে আবদুল্লাহ ইকবাল, ঈসা সুমান, আদিল নবী ও আবদুল আরশাদের মতো ভালো মানের ফুটবলার রয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
বাট বলেন, ‘তাদের দিক থেকে বলতে গেলে, হ্যাঁ, তারা ভালো খেলোয়াড়। আমাদেরও খুব ভালো খেলোয়াড় রয়েছে। হামজা চৌধুরীকে নিয়ে অনেক আলোচনা হয়। তবে আমাদের দলে আবদুল্লাহ ইকবাল আছে, ঈসা সুমান আছে, আদিল নবী আছে, আবদুল আরশাদ আছে। তাই আমি মনে করি যে, হ্যাঁ, তারা দুর্দান্ত খেলোয়াড়। গ্যারান্টি দিচ্ছি যে আমাদের দলেও দুর্দান্ত খেলোয়াড় রয়েছে।’
ফিফা উইন্ডোতে নতুন করে পাঁচজন ফুটবলার যোগ হওয়ায় দলের শক্তি বেড়েছে বলেও মনে করেন পাকিস্তানের এই গোলরক্ষক। তার মতে, ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলীয় সমন্বয়ই ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে। বাট বলেন, ‘আমাদের পাঁচজন নতুন খেলোয়াড় আসছে, যারা ইনশাআল্লাহ দলের সাথে যোগ দিয়ে সাহায্য করতে পারবে। তবে আবারও বলছি, সবকিছু দল নিয়ে, কোনো ব্যক্তিগত খেলোয়াড়কে নিয়ে নয়। তাই আমরা সম্মিলিতভাবে ইনশাআল্লাহ মাঠে নেমে বাংলাদেশের বিরুদ্ধে নিজেদের সেরাটা দেব এবং আশা করি ইনশাআল্লাহ, সেটাই যথেষ্ট হবে।’
২০১৮ সালে ঢাকায় বাংলাদেশের কাছে হারের স্মৃতিও ভুলে যাননি বাট। এবার সেই পরাজয়ের প্রতিশোধ নিতে চান তারা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তান সবসময়ই ভালো ম্যাচ খেলে। ২০১৮ সালে একটা আত্মঘাতী গোলের কারণে তারা খুব ভাগ্যবান হয়েছিল, ইনশাআল্লাহ এবার ফলাফল অন্যরকম হবে।’
এবারের সাফে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি থাকায় সন্তুষ্টি প্রকাশ করেছেন পাকিস্তানের গোলরক্ষক। তার মতে, স্বাগতিক দলের সমর্থকদের চাপের মধ্যে রেফারিংয়ের ক্ষেত্রে এই প্রযুক্তি সহায়ক হবে। বাট বলেন, ‘আমরা জানি যে বাংলাদেশি দর্শকদের পক্ষ থেকে বেশ ভালো একটা চাপ থাকে। তবে আমি ব্যক্তিগতভাবে খুশি যে এবার সাহায্য করার জন্য ভিএআর থাকছে। আমার মনে হয় এটা আমাদের জন্য একটা বড় সাহায্য হবে।’
টুর্নামেন্টের শুরুতে ভারতের কাছে হেরেছিল পাকিস্তান। তাই ফাইনালে আবারও প্রতিবেশী দেশটির মুখোমুখি হওয়ার ইচ্ছা রয়েছে বাটের। তবে আপাতত বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালেই মনোযোগ দিতে চান তিনি। তার ভাষায়, ‘আমি সত্যিই ভারতের বিরুদ্ধে আবারও খেলতে চাই, কারণ আমাদের জন্য ম্যাচটি খুবই, খুবই, খুবই খারাপ একটা ম্যাচ ছিল। আমি বলব গত ১২-১৩ ম্যাচের মধ্যে এটি হয়তো আমাদের সবচেয়ে খারাপ খেলা ছিল। তাই আমি আশা করি যে ইনশাআল্লাহ আমরা ফাইনালে আবারও তাদের মুখোমুখি হব, তবে এক ম্যাচে এক ধাপে এগোতে হবে, এখন আমাদের সামনে বাংলাদেশ।’
সাফ চ্যাম্পিয়নশিপকে নিজেদের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে দেখছে পাকিস্তান। আগামী বছর বিশ্বকাপ বাছাইপর্ব থাকলেও আঞ্চলিক এই প্রতিযোগিতায় শিরোপা জিততে চান তারা। বাট বলেন, ‘আমি সাফ কাপ খেলতে ভালোবাসি, আমাদের কাছে সাফ কাপ বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট। আগামী বছর ইনশাআল্লাহ আমাদের বিশ্বকাপ বাছাইপর্বও আছে, কিন্তু সাফ কাপ এমন একটা প্রতিযোগিতা যা জয় করা আমার এবং বিশেষ করে দলেরও একটি বড় লক্ষ্য। তাই আমি আশা করি ইনশাআল্লাহ আমরা ইতিহাস গড়তে পারব এবং এবার শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারব।’



