...|...|...

রাজনীতি

জাতীয় স্বার্থে সরকারের ভালো কাজে সমর্থন, ভুল হলে প্রতিবাদ: জামায়াত আমির

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৪৭
Shares
জাতীয় স্বার্থে সরকারের ভালো কাজে সমর্থন, ভুল হলে প্রতিবাদ: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। পুরোনো ছবি

জাতীয় স্বার্থে সরকারের ইতিবাচক উদ্যোগে সহযোগিতা করা হবে, তবে কোনো ভুল সিদ্ধান্ত বা জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রবিবার (২২ নভেম্বর) অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ক্যাম্পবেলটাউনে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ অবস্থান তুলে ধরেন।

‘জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী সময়: ভয়েসেস ফ্রম অস্ট্রেলিয়া’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, বিরোধী দলের মূল দায়িত্ব জনগণের অধিকার ও স্বার্থ রক্ষা করা। দেশের কল্যাণে সরকার সঠিক পদক্ষেপ নিলে তার পাশে থাকবে বিরোধী দল। তবে সরকারের ভুল সিদ্ধান্তের সমালোচনা ও প্রতিবাদ করতেও পিছপা হবে না।

সরকারের উদ্দেশে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় জনগণের রায়কে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রশাসনে সৎ, দক্ষ ও যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সন্ত্রাস, নৈরাজ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

প্রবাসীদের ভূমিকা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের পাঠানো অর্থ গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে তাদের অবদান কেবল অর্থনৈতিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না তিনি। বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি গবেষক, শিক্ষাবিদ ও পেশাজীবীদের অর্জিত জ্ঞান, দক্ষতা এবং অভিজ্ঞতাও দেশের উন্নয়নে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন জামায়াত আমির।

এ প্রসঙ্গে তিনি ‘ইন্টেলেকচুয়াল রেমিট্যান্স’ বা মেধাভিত্তিক অবদানের ধারণা তুলে ধরে বলেন, বিদেশে অবস্থানরত মেধাবী বাংলাদেশিরা যেন দেশে ফিরে সম্মানের সঙ্গে কাজ করার সুযোগ পান, সেই পরিবেশ গড়ে তুলতে হবে।

জুলাই অভ্যুত্থানে আহতদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, আন্দোলনে অংশ নেওয়া অনেকেই স্থায়ীভাবে শারীরিক সক্ষমতা হারিয়েছেন। কেউ হাত-পা হারিয়েছেন, কেউ দৃষ্টিশক্তি হারিয়েছেন। এরপরও দেশের প্রতি তাদের অঙ্গীকার ও মনোবল অটুট রয়েছে। জাতির প্রয়োজনে তারা আবারও ভূমিকা রাখতে প্রস্তুত বলে মন্তব্য করেন তিনি।

জুলাই-পরবর্তী রাষ্ট্র সংস্কার ও রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন বিরোধীদলীয় নেতা। গণভোটে জনগণের দেওয়া রায় এবং জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, জনগণের প্রত্যাশা উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনা করা যায় না। প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে তাদের দল সংসদের ভেতরে ও বাইরে অবস্থান ধরে রাখবে।

নিজেদের রাজনৈতিক অবস্থান সম্পর্কে জামায়াত আমির বলেন, কোনো রাজনৈতিক দল কিংবা ব্যক্তিকে তারা শত্রু হিসেবে বিবেচনা করেন না। বরং দেশের স্বার্থের বিরুদ্ধে সংঘটিত অনিয়ম ও অপকর্মের বিরোধিতা করাই তাদের লক্ষ্য। একটি শান্তিপূর্ণ, বৈষম্যহীন, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশ-বিদেশের সব বাংলাদেশিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পক্ষে বক্তব্য দেন ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ খলিল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক শিবলী সোহাইল, ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু ইউসুফ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসিফ ইকবাল।

এ ছাড়া উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মুহাম্মদ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে অস্ট্রেলিয়াপ্রবাসী বিপুলসংখ্যক বাংলাদেশি অংশ নেন। তাদের অনেকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, উন্নয়ন ও ভবিষ্যৎ প্রত্যাশা নিয়ে মতামত তুলে ধরেন।