জাতীয় নিরাপত্তার উদ্বেগ এবং উগ্রপন্থি কনটেন্ট ছড়ানোর অভিযোগে জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম নিষিদ্ধ করেছে জর্ডান। সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, সোমবার (১৬ নভেম্বর) দেশটির জননিরাপত্তা অধিদফতর (পিএসডি) এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায়।
বিবৃতিতে বলা হয়, অবৈধ ও উগ্রপন্থি কনটেন্টের বিস্তার ঠেকাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি অপরিচিত অ্যাকাউন্ট, লিংক ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সতর্ক থাকার এবং বেআইনি কনটেন্ট দেখলে কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।
গত মাসে কারাক প্রদেশের হামুদ গ্রামে একটি গ্রিক অর্থোডক্স গির্জায় হামলায় ৯ জন নিহত হন। এ ঘটনায় গত রবিবার তিনজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের সাজা দেন আদালত। হামলার সঙ্গে আইএসআইএল সদস্যদের সংশ্লিষ্টতার অভিযোগে প্রতিবেশী সিরিয়ায় বিমান হামলাও চালায় জর্ডান। আম্মানের দাবি, ওই হামলায় সংগঠনটির ২০ সদস্য নিহত হয়েছেন।
এ ছাড়া চলতি মাসে রাজধানী আম্মানে আরেকটি সন্ত্রাসী হামলায় এক নিরাপত্তা কর্মকর্তা নিহত ও একজন আহত হন।
২০১৩ সালে রুশ উদ্যোক্তা পাভেল দুরভ টেলিগ্রাম প্রতিষ্ঠা করেন। অ্যাপটি আইএসআইএলের মতো গোষ্ঠীর ব্যবহারের অভিযোগও রয়েছে। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় টেলিগ্রাম বেশ জনপ্রিয়। বিশ্বজুড়ে এর মোট ব্যবহারকারীর প্রায় ৮ শতাংশ এ অঞ্চলের।
টেলিগ্রামে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা থাকলেও সব কথোপকথন এই সুরক্ষার আওতায় পড়ে না।


