ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্স এবং একাদশ নির্বাচনপ্রক্রিয়া নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস।
জাতীয় দল গঠনে কোনো ধরনের আবেগ বা স্বজনপ্রীতি না রেখে যোগ্যতা, পারফরম্যান্স ও স্বচ্ছতার ভিত্তিতে সেরা একাদশ নির্বাচনের জোর তাগিদ দিয়েছেন তিনি। নিজের ক্ষোভ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় তিনি স্পষ্ট লিখেছেন—‘যথেষ্ট হয়েছে, আর না।’
আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে আয়োজিত এই ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের পারফরম্যান্সে চরম হতাশ সমর্থকেরা। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হারের পর আফগানিস্তানের বিরুদ্ধেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
২৮ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলের এই চরম মুহূর্তে বিসিবি ও দল নির্বাচনপ্রক্রিয়া নিয়ে সরব হলেন দেশের হয়ে ১৩১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ক্রিকেটার।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরুল কায়েস লেখেন, 'আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, ক্রিকেট বোর্ডের উচিত সম্পূর্ণভাবে মেধা ও পারফরম্যান্সের ভিত্তিতে নিরপেক্ষ ও স্বচ্ছতার সাথে সেরা সম্ভাব্য একাদশ নির্বাচন করা।'
জাতীয় দল যে পুরো ১৮ কোটি মানুষের প্রতিনিধিত্ব করে তা মনে করিয়ে দিয়ে তিনি লেখেন, 'ক্রিকেট একটি পুরো জাতির প্রতিনিধিত্ব করে। জাতীয় দল নির্বাচনের ক্ষেত্রে আবেগপ্রবণ সিদ্ধান্ত বা স্বজনপ্রীতির কোনো স্থান থাকা উচিত নয়।'
চোটের কারণে লিটন দাস ছিটকে যাওয়ায় এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন তাওহীদ হৃদয়। আফগানিস্তানের বিপক্ষে একাদশে মিরাজ, ইমন ও নতুন মুখ আলিস আল ইসলামকে এনেও ব্যাটিং বিপর্যয় এড়ানো যায়নি।
এমন টানা ব্যর্থতার দিকে ইঙ্গিত করেই ইমরুল কঠোর বার্তা দিয়ে জানান, 'যথেষ্ট হয়েছে, আর না। এবার সময় এসেছে মেধা, ন্যায়পরায়ণতা এবং দেশের স্বার্থকে অন্য সবকিছুর ঊর্ধ্বে স্থান দেওয়ার।'


