জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তিন দিনের সরকারি সফরে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হন তিনি।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী জুবাইদা রহমান, মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তারা।
১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত তিন দিনের এই সফরে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তুরস্কের আনতালিয়ায় আগামী ১১ ও ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ১২ নভেম্বরের অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। সেখানে জলবায়ু পরিবর্তনসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরার কথা রয়েছে তার।
এদিকে সম্মেলনের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এসব বৈঠকে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।
এ ছাড়া অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
সফরকালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সাথেও প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে বলে জানা গেছে।


