...|...|...

জাতীয়

জলবায়ু পরিবর্তনের উত্তাপ পৌঁছাচ্ছে মায়ের গর্ভেও

যোবায়ের আহমদ
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, রাত ৯:৪৯
Shares
জলবায়ু পরিবর্তনের উত্তাপ পৌঁছাচ্ছে মায়ের গর্ভেও

ছবি: এআই জেনারেটেড।

ঢাকার মিরপুরের একটি বাসায় পরিচ্ছন্নতাকর্মীর কাজ করেন শিল্পী আক্তার। স্বামী রিকশা চালান। পাঁচ সদস্যের সংসারে তার আয়ও জরুরি। তাই গর্ভাবস্থায় প্রচণ্ড গরমের মধ্যেও কাজ বন্ধ রাখতে পারেননি তিনি। ২০২৩ সালের সেপ্টেম্বরে তার একটি পুত্রসন্তান জন্ম নেয় গর্ভধারণের প্রায় সাড়ে সাত মাসে। জন্মের পর থেকেই শিশুটি নানা অসুস্থতায় ভুগছে। তার বয়সী অন্য শিশুদের তুলনায় শারীরিক ও বিকাশগত দিক থেকেও পিছিয়ে রয়েছে বলে জানান শিল্পী।

যশোরের কেশবপুরের লায়লা বেগমের অভিজ্ঞতাও প্রায় একই। স্বামী দিনমজুর। সংসারের বাড়তি আয়ের জন্য লায়লা স্থানীয় একটি ধানের মিলে কাজ করতেন। ২০২৪ সালের এপ্রিলে গর্ভধারণের আট মাস পূর্ণ হওয়ার আগেই তার কন্যাসন্তান জন্ম নেয়। জন্মের পর থেকে শিশুটি অপুষ্টি ও শারীরিক দুর্বলতায় ভুগছে। সন্তানের চিকিৎসার খরচ ও সংসারের খাবার জোগাতে হিমশিম খাচ্ছে পরিবারটি।

শিল্পী ও লায়লার অভিজ্ঞতা তাপপ্রবাহকে অপরিণত জন্মের একমাত্র কারণ প্রমাণ করে না; তবে জীবিকার চাপ, বিশ্রাম ও পুষ্টির অভাব এবং স্বাস্থ্যসেবায় সীমিত প্রবেশাধিকারের ঝুঁকি সামনে আনে।

বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয় হলো, ২০২৪ সালের এপ্রিলের তীব্র তাপপ্রবাহের সাথে দেশে আনুমানিক ৫ হাজার ৫১৫টি অতিরিক্ত অপরিণত শিশুজন্মের সম্পর্ক পেয়েছে নতুন এক গবেষণা। এর মধ্যে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়ার সাথে সম্পর্কিত অপরিণত জন্মের সংখ্যা আনুমানিক ১ হাজার ৪৭৯। অর্থাৎ জলবায়ু পরিবর্তনের প্রভাব মায়ের শরীর পেরিয়ে গর্ভের শিশুর স্বাস্থ্যঝুঁকিও বাড়াতে পারে।

তাপপ্রবাহের সাথে হাজারো অপরিণত জন্মের সম্পর্ক

আন্তর্জাতিক গবেষণা সংস্থা জিরো কার্বন অ্যানালিটিকস (জেডসিএ) ২০২৬ সালের ২ নভেম্বর ‘ক্লাইমেট চেঞ্জ ইজ অলরেডি ড্রাইভিং প্রিটার্ম বার্থস ইন এশিয়া- অ্যান্ড দ্য টোল ইজ সেট টু রাইজ’ শীর্ষক বিশ্লেষণ প্রকাশ করে। বাংলাদেশ, ভারত ও ফিলিপাইনে তাপপ্রবাহের সাথে অপরিণত শিশুজন্মের সম্পর্ক তুলে ধরা হয়েছে এতে।

গবেষণা অনুযায়ী, ২০২৪ সালের এপ্রিলে বাংলাদেশের তাপমাত্রা ১৯৯১ থেকে ২০২০ সালের একই মাসের গড়ের তুলনায় প্রায় ২ দশমিক ৮৮ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। ওই তাপপ্রবাহের সাথে স্বাভাবিক এপ্রিলের তুলনায় ১১ দশমিক ৯ শতাংশ বেশি অপরিণত শিশুজন্মের সম্পর্ক পাওয়া গেছে। সংখ্যার হিসাবে তা প্রায় ৫ হাজার ৫১৫।

গবেষকেরা হিসাব করেছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা যতটা অতিরিক্ত বেড়েছিল, তা না ঘটলে ওই মাসে আনুমানিক ১ হাজার ৪৭৯টি অপরিণত শিশুজন্ম এড়ানো সম্ভব হতে পারত। প্রথম সংখ্যাটি অস্বাভাবিক গরম এপ্রিলের সাথে স্বাভাবিক এপ্রিলের তুলনায় অতিরিক্ত জন্মের প্রাক্কলন; দ্বিতীয়টি ওই তাপপ্রবাহে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের অতিরিক্ত উষ্ণতার সঙ্গে সম্পর্কিত। এগুলো গবেষণাভিত্তিক অনুমান, হাসপাতালের নথিতে সরাসরি গণনা করা জন্মসংখ্যা নয়।

গবেষণায় আরও বলা হয়েছে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ এশিয়ার ২০২৪ সালের এপ্রিলের তাপপ্রবাহ প্রায় ৪৫ গুণ বেশি সম্ভাব্য হয়ে উঠেছিল। বাংলাদেশ, ভারত ও ফিলিপাইন- তিন দেশে ওই তাপপ্রবাহের সাথে মোট ১৬ হাজারের বেশি অতিরিক্ত অপরিণত শিশুজন্মের সম্পর্ক পাওয়া গেছে।

গবেষণার প্রধান লেখক ও জেডসিএর জ্যেষ্ঠ গবেষণা বিশ্লেষক ড. জোয়ান বেন্টলি-ম্যাককুন বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে চরম তাপপ্রবাহ আরও ঘন ঘন ঘটছে এবং তীব্রতাও বাড়ছে। এতে অপরিণত জন্মের ঝুঁকির পাশাপাশি শিশুদের দীর্ঘমেয়াদি স্বাস্থ্যগত জটিলতার আশঙ্কা তৈরি হচ্ছে। তার মতে, বাংলাদেশের মতো কম নিঃসরণকারী দেশ জলবায়ু পরিবর্তনের প্রভাবে বেশি ক্ষতির মুখে পড়ছে, অথচ অভিযোজনের জন্য উচ্চ আয়ের দেশগুলোর সম্পদ ও সক্ষমতা বেশি।

গর্ভাবস্থায় গরম কেন বিপজ্জনক?

গর্ভাবস্থায় নারীর শরীরে বিপাকীয় কার্যক্রম ও রক্তসঞ্চালনে পরিবর্তন আসে। অতিরিক্ত গরমে শরীরের ওপর বাড়তি চাপ পড়ে; পানিশূন্যতা, ক্লান্তি ও হিট এক্সহসশনের ঝুঁকি বাড়তে পারে। গবেষণায় তাপের কারণে পানিশূন্যতা, গর্ভফুলে রক্তপ্রবাহ কমে যাওয়া, শরীরে প্রদাহ এবং প্রসব শুরু হওয়ার সাথে সম্পর্কিত জৈবিক প্রক্রিয়া সক্রিয় হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। এসব প্রক্রিয়া গর্ভকালীন জটিলতা ও অপরিণত প্রসবের ঝুঁকি বাড়াতে পারে।

বাংলাদেশ অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটির (ওজিএসবি) হাসপাতালের কনসালট্যান্ট ডা. সুমাইয়া আখতার বলেন, অকাল প্রসবের জটিলতা নিয়ে তাদের কাছে অনেক রোগী আসেন। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারের নারীদের পর্যাপ্ত বিশ্রাম ও সুষম খাবার নিশ্চিত হয় না। কেউ অন্যের বাসায় কাজ করেন, কেউ কারখানায় প্রচণ্ড গরমের মধ্যে শ্রম দেন। গরমের মৌসুমে তাপমাত্রা বাড়লে তাদের শরীরে বাড়তি চাপ তৈরি হয়।

অপরিণত শিশুর শ্বাসপ্রশ্বাস, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, খাওয়ানো ও সংক্রমণ মোকাবিলায় সমস্যা দেখা দিতে পারে; অনেকের বিশেষ নবজাতক পরিচর্যার প্রয়োজন হয়।

২০২৪ সালের নভেম্বরে ‘নেচার মেডিসিন’- এ প্রকাশিত একটি পদ্ধতিগত পর্যালোচনা ও মেটা-বিশ্লেষণে ৬৬টি দেশের ১৯৮টি গবেষণা বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বাড়লে অপরিণত শিশুজন্মের সম্ভাবনা গড়ে ৪ শতাংশ বাড়ে; তাপপ্রবাহের সময় বাড়ে ২৬ শতাংশ। তবে এগুলো বিভিন্ন দেশের গবেষণা একত্র করে পাওয়া হিসাব, বাংলাদেশের ক্ষেত্রে একই মাত্রার ঝুঁকি ধরে নেওয়া যাবে না। গর্ভধারণের ৩৭ সপ্তাহ পূর্ণ হওয়ার আগে শিশুর জন্ম হলে তাকে অপরিণত জন্ম বলা হয়।

অঞ্চলভেদে ঝুঁকির পার্থক্য

জেডসিএর গবেষণায় ২০২৪ সালের এপ্রিলের তাপপ্রবাহের সাথে সম্পর্কিত আনুমানিক ৫ হাজার ৫১৫টি অতিরিক্ত অপরিণত শিশুজন্মের ৪৭ শতাংশ ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ঘটেছে বলে প্রাক্কলন করা হয়েছে। তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধির দিক থেকে সবচেয়ে বেশি প্রভাবিত ছিল ময়মনসিংহ। সেখানে স্বাভাবিক সময়ের তুলনায় তাপমাত্রা ৩ দশমিক ৫৯ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। প্রতি হাজার জন্মে অতিরিক্ত অপরিণত শিশুজন্মের প্রাক্কলিত হার ময়মনসিংহে ২৪টি, সিলেটে ১৬টি।

তবে বিভাগভিত্তিক নির্ভরযোগ্য জন্মহার না থাকায় গবেষকেরা সব বিভাগের জন্য জাতীয় অপরিণত জন্মের হার ব্যবহার করেছেন। তাই এ হিসাবকে হাসপাতালের নথিতে গণনা করা প্রকৃত জন্মসংখ্যা নয়, বরং তাপমাত্রা ও জনসংখ্যার ভিত্তিতে তৈরি ঝুঁকির প্রাক্কলন হিসেবে বুঝতে হবে।

যশোরের কেশবপুরের সার্জিক্যাল ক্লিনিকের গাইনি চিকিৎসক ডা. মো. মোস্তাফিজুর রহমান বলেন, এপ্রিল-মে মাসে যশোর অঞ্চলে তাপমাত্রা অনেক বেড়ে যায়। এ সময় প্রান্তিক পর্যায়ের অনেক গর্ভবতী নারী চিকিৎসা নিতে আসেন; কারও কারও জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন হয়। অপুষ্টি ও দেরিতে চিকিৎসা নেওয়ার কারণে মা ও নবজাতকের অবস্থা জটিল হতে পারে। সামাজিক কুসংস্কার, সচেতনতার অভাব ও চিকিৎসার খরচে কেউ কেউ শুরুতে চিকিৎসকের বদলে ঝাড়ফুঁক বা কবিরাজের শরণাপন্ন হন। এ বিষয়ে সরকারি পর্যায়ে সচেতনতামূলক প্রচার বাড়ানো প্রয়োজন বলে মনে করেন তিনি।

ভবিষ্যৎ ঝুঁকি ও প্রস্তুতির ঘাটতি

জেডসিএর প্রক্ষেপণ অনুযায়ী, ২০৪১ থেকে ২০৬০ সালের মধ্যে বাংলাদেশের একটি স্বাভাবিক এপ্রিল মাসেও ১৯৮৫-২০১৪ সময়ের জলবায়ুর তুলনায় আনুমানিক ১ হাজার ৫০০টি অতিরিক্ত অপরিণত শিশুজন্মের পরিস্থিতি তৈরি হতে পারে। সম্ভাব্য পরিসর ৬৩০ থেকে ২ হাজার ৯০০। এটি নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়। এটি ধরে নেওয়া হয়েছে যে নতুন অভিযোজন ব্যবস্থা নেওয়া হবে না এবং তাপমাত্রার সাথে অপরিণত জন্মের বর্তমান সম্পর্ক অপরিবর্তিত থাকবে।

তাপপ্রবাহের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় স্বাস্থ্য অধিদফতর ২০২৪ সালের ৫ মে ইউনিসেফের সহযোগিতায় ‘ন্যাশনাল গাইডলাইন অন হিট-রিলেটেড ইলনেস’ প্রকাশ করে। এতে গর্ভবতী নারী, শিশু ও অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষা, তাপজনিত অসুস্থতার লক্ষণ শনাক্ত, দ্রুত ব্যবস্থা এবং প্রয়োজনে স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর নির্দেশনা রয়েছে।

তবে গর্ভকালীন নিয়মিত স্বাস্থ্যসেবায় তাপপ্রবাহের ঝুঁকি কতটা যুক্ত হয়েছে, তা গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্বাস্থ্যকর্মীরা গর্ভবতী নারীর কাজের ধরন, ঘরের পরিবেশ, নিরাপদ পানির প্রাপ্যতা ও অতিরিক্ত গরমে থাকার ঝুঁকি নিয়মিত যাচাই করছেন কি না, সেটিও দেখা প্রয়োজন।

জলবায়ু ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড পাবলিক হেলথের পরিচালক অধ্যাপক ডা. ইকবাল কবির বলেন, গবেষণার ফলাফল বাংলাদেশের জন্য সতর্কবার্তা। গর্ভকালীন স্বাস্থ্যসেবায় তাপজনিত ঝুঁকি শনাক্ত ও পরামর্শের ব্যবস্থা জোরদার করতে হবে। মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ, আগাম সতর্কবার্তা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও শীতল পরিবেশ নিশ্চিত করা জরুরি। স্বাস্থ্যব্যবস্থা, জলবায়ুনীতি ও কমিউনিটির সমন্বিত উদ্যোগ ছাড়া মা ও নবজাতককে চরম তাপ থেকে সুরক্ষা দেওয়া কঠিন।

মায়ের নিরাপত্তাই শিশুর সুরক্ষা

তাপপ্রবাহের সময় গর্ভবতী নারীদের দিনের অতিরিক্ত গরমে বাইরে যাওয়া ও শারীরিক পরিশ্রম এড়িয়ে চলা, পর্যাপ্ত পানি পান, হালকা ও ঢিলেঢালা পোশাক পরা এবং বাতাস চলাচল করে এমন ঠান্ডা পরিবেশে থাকার পরামর্শ দেন ডা. মোস্তাফিজুর রহমান। নিয়মিত বিশ্রামের পাশাপাশি মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম বা অস্বাভাবিক দুর্বলতা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। গর্ভস্থ শিশুর নড়াচড়া কমে গেলেও দ্রুত চিকিৎসাসেবা জরুরি।

তবে শুধু ব্যক্তিগত সতর্কতায় সংকট মোকাবিলা সম্ভব নয়। নিরাপদ পানি, বিদ্যুৎ, বাসস্থানের উন্নয়ন, কর্মক্ষেত্রে বিশ্রাম, সহজলভ্য মাতৃস্বাস্থ্যসেবা ও তাপপ্রবাহের আগাম সতর্কতা নিশ্চিত করতে হবে। বিশেষ করে যেসব নারী জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমে কাজ করেন, তাদের জন্য নিরাপদ কর্মপরিবেশ ও বিশ্রামের সুযোগ জরুরি।

জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশের ঐতিহাসিক দায় তুলনামূলক কম, অথচ এর স্বাস্থ্যগত ও সামাজিক চাপ বহন করতে হচ্ছে বেশি। অপরিণত শিশুর জন্ম একটি পরিবারের জন্য চিকিৎসা, পরিচর্যা ও বাড়তি ব্যয়ের দীর্ঘ সংকট তৈরি করতে পারে। দরিদ্র পরিবারের ক্ষেত্রে এ চাপ আরও কঠিন।

শিল্পী আক্তার কিংবা লায়লা বেগমের মতো নারীদের কাছে গর্ভাবস্থায় বিশ্রাম নেওয়ার সুযোগ অনেক সময় থাকে না; সংসারের খাবার জোগাতে তাঁদের কাজ চালিয়ে যেতে হয়। অথচ মায়ের নিরাপদ পরিবেশ, পুষ্টি ও চিকিৎসা নিশ্চিত করা অনাগত শিশুর সুস্থ বিকাশের জন্য জরুরি।

জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই তাই শুধু কার্বন নিঃসরণ কমানো বা অবকাঠামো নির্মাণের বিষয় নয়; এটি মায়ের নিরাপদ গর্ভধারণ ও শিশুর সুস্থ জন্মের সাথেও যুক্ত। বাংলাদেশের জরুরি কাজ হলো জলবায়ু অভিযোজন পরিকল্পনার সাথে মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবাকে ঘনিষ্ঠভাবে যুক্ত করা। কারণ তাপপ্রবাহের প্রভাব এখন শুধু মাঠ বা শহরের রাস্তায় নয়- পৌঁছে যাচ্ছে মায়ের শরীরে, এমনকি পৃথিবীর আলো দেখার আগেই একটি শিশুর জীবনের শুরুতে।