জনগণের টাকার প্রতি পয়সার হিসাব চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার (১২ অক্টোবর) এমন স্ট্যাটাস দেন তিনি।
আজ দুপুর ২টার দিকে করা ওই স্ট্যাটাসে পাটওয়ারী লেখেন, ‘বাচ্চাদের বইয়েও ২৫২ কোটি টাকার দুর্নীতির অভিযোগ! ক্ষমতা কি লুটপাটের লাইসেন্স? জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে!’
উল্লেখ্য, সম্প্রতি ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই মুদ্রণের দরপত্রে বই ছাপানোর কাজে ২৫২ কোটি টাকার অনিয়মের অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক জানায়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বিনামূল্যে পাঠ্যবই ছাপানোর কাজে গোপনীয় দর ফাঁস, সিন্ডিকেটিং এবং প্রায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের বিষয়ে অভিযোগ অনুসন্ধানে প্রতিষ্ঠানটি যায় এনফোর্সমেন্ট টিম। টিম জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে অভিযোগের সত্যতা যাচাইয়ের নিমিত্ত প্রাথমিক প্রাক্কলনের কপি, দাফতরিক মূল্য তালিকা, ৪২৩ তম বোর্ডসভার কার্যবিবরণীসহ অন্যান্য রেকর্ডপত্র সংগ্রহ করে। রেকর্ডপত্রগুলো বিস্তারিতভাবে যাচাইপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

