বিএনপি আমার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দিতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
শনিবার (১০ অক্টোবর) রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, বিএনপির সিদ্ধান্তটা ছিল আমার ক্যারিয়ার শেষ করে দেওয়ার। এ সময় টকশোর উপস্থাপক তাকে প্রশ্ন করেন, এত বছর বিএনপির হয়ে কথা বলেছেন। হঠাৎ কেন আপনার ওপর আক্রোশটা হবে?
জবাবে তিনি বলেন, অনেক কারণ থাকতে পারে। কখনো কি চিন্তা করে দেখেছেন, আপনি করপোরেট অফিসে চাকরি করেন। কখনো যদি আপনার বসের মনে হয়, ইউ আর ওভারশাইনিং হিম, ইউ আর স্মার্টার দ্যান আস?
বিএনপির সিদ্ধান্তের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সো, অ্যানিহাউ, ইটস বিএনপির ডিসিশন। এটা নিয়ে আসলে সাত মাস পার হয়ে গেছে। আমি অনেক দিন ধরেই এ বিষয়ে কথা বলছি।
রুমিন ফারহানা আরও বলেন, বিএনপি চেয়েছিল আমার ক্যারিয়ার শেষ করে দিতে। আমাকে আবারও হয়তো সংরক্ষিত আসনে দিত কি না, তা-ও জানি না; ওখানে ঢুকিয়ে রাখত।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নিজের দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, আমি তো এই আসনে গত আট-নয় বছর কাজ করেছি। আমি তো আসনের পালস বুঝি। আপনার কী ধারণা, পালস না বুঝে নেমে গেছি মাঠে? আমি জনগণের সাথে কথা না বলেই নেমে গেছি? মানুষের সাথে কথা না বলেই আমি আমার পুরো ক্যারিয়ার বাজি ধরেছি?
বিএনপির সাথে নিজের রাজনৈতিক সম্পর্কের প্রসঙ্গে তিনি বলেন, আমি একসময় বিএনপি করতে পারি। কিন্তু বিএনপির মতো মেধা আমাকে ক্যারি করতে হবে কেন, আপনার মনে হচ্ছে?
টকশোর উপস্থাপক এ সময় স্মরণ করিয়ে দেন। বহিষ্কারের পর রুমিন ফারহানার বক্তব্য তুলে ধরে উপস্থাপক প্রশ্ন করেন, আপনি বলেছিলেন, খালেদা জিয়া আপনার ওপর লড়াইয়ের যে দায়িত্ব দিয়ে গেছেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত তা পালন করবেন। বিএনপির স্বার্থ রক্ষা করাটাও কি সেই দায়িত্বের অংশ নয়?
জবাবে রুমিন ফারহানা বলেন, বিএনপি তো বলে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। খালেদা জিয়ার বক্তব্য অনুযায়ী, আমার দেশের স্বার্থটাই আগে দেখা উচিত। আমি সেটাই দেখছি।


