ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও ওপরের দিকে রয়েছে ঢাকা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ছুটির দিনেও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী রাজধানীর বাতাসের মান অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত হয়েছে।
আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার বায়ুর মান সূচক (একিউআই) স্কোর ছিল ১৭৩। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল চতুর্থ।
একই সময়ে তালিকার শীর্ষে ছিল মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। শহরটির একিউআই স্কোর ছিল ২১০। দ্বিতীয় অবস্থানে মালয়েশিয়ার কুচিং শহর, যার স্কোর ১৮৭। তৃতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর (১৮৪) এবং পঞ্চম অবস্থানে ভারতের কলকাতা (১৬০)।
বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষ দশে থাকা অন্যান্য শহরের একিউআই স্কোর ছিল ১০৩ থেকে ২১০-এর মধ্যে।
কোন স্কোরে কেমন বাতাস
আন্তর্জাতিক বায়ুমান সূচক অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বাতাসের মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।
এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।
বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছালে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের বাইরে চলাচল সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি অন্যদেরও প্রয়োজন ছাড়া দীর্ঘসময় বাইরে অবস্থান না করার পরামর্শ দিয়ে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।



