বিভিন্ন দাবিতে অটোরিকশাচালকদের ধর্মঘটে রাজধানীতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে ধোলাইখাল, দয়াগঞ্জ, যাত্রাবাড়ী ও ধোলাইপাড়সহ আশপাশের এলাকায় অটোরিকশা চলাচল প্রায় বন্ধ রয়েছে।
ধর্মঘটের সমর্থনে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নেন অটোরিকশাচালকরা। এ সময় সড়কে চলাচল করা কয়েকটি অটোরিকশা আটকে দেওয়া এবং ভাঙচুরের ঘটনাও ঘটে। কোথাও হেডলাইট ভেঙে দেওয়া হয়, আবার কোথাও অটোরিকশার ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
চালকদের দাবি, সরকার প্রণীত নতুন নীতিমালায় লাইসেন্স ফি বেশি নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি একজন চালকের পাঁচটির বেশি অটোরিকশা পরিচালনার সুযোগ না রাখার বিধানের প্রতিবাদে তারা এ ধর্মঘটের ডাক দিয়েছেন।
সোমবার সকাল ৯টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ী মোড়ে মিছিল নিয়ে জড়ো হন অটোরিকশাচালকরা। সেখানে বিভিন্ন দাবিতে স্লোগান দিতে দেখা যায় তাদের।
সকাল সোয়া ৯টার দিকে দয়াগঞ্জ মোড়ে দুই স্কুলছাত্রীকে নিয়ে একটি অটোরিকশা যাওয়ার সময় সেটিতে হামলার ঘটনা ঘটে। এ সময় এক ব্যক্তি অটোরিকশাটির হেডলাইটে আঘাত করলে তা ভেঙে যায়। এতে ভেতরে থাকা দুই স্কুলছাত্রী আতঙ্কিত হয়ে পড়ে। পরে চালকের সাথে ওই ব্যক্তির বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়।
অন্যদিকে মুরগিটোলা মোড়ে তিন থেকে চারটি অটোরিকশা আটকে সেগুলোর ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচলে বাধা দেওয়ার খবর পাওয়া গেছে।
হঠাৎ অটোরিকশা চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। বিভিন্ন মোড়ে কর্মস্থলে যাওয়ার জন্য অপেক্ষা করতে দেখা গেছে অনেককে। যানবাহন না পেয়ে কেউ কেউ দীর্ঘ পথ হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন।
যাত্রাবাড়ী থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অফিস করতে যাওয়া এক কর্মকর্তা বলেন, ‘রাস্তায় এসে দেখি অটোরিকশা চলাচল বন্ধ। এখন বাধ্য হয়ে হেঁটে যাচ্ছি।’
ধর্মঘটের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় যাত্রীদের দুর্ভোগ বাড়লেও পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নিচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।


