দীর্ঘ অপেক্ষার পর ভারতের কেন্দ্রীয় সরকারের অনুমোদন পেয়েছে বলিউড তারকা সালমান খানের নতুন সিনেমা ‘মাতৃভূমি’। সবকিছু ঠিক থাকলে আগামী ১৩ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে সিনেমাটি।
সালমান খানের এই সিনেমাটি শুরুতে ‘ব্যাটল অব গালওয়ান’ নামে ঘোষণা করা হয়েছিল। পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘মাতৃভূমি’। ২০২০ সালে ভারত ও চীনের সেনাদের মধ্যে গালওয়ান উপত্যকায় সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সিনেমাটির গল্প নির্মাণ করা হয়েছে।
নির্মাণের পর থেকেই সরকারি অনুমোদনের অপেক্ষায় ছিল সিনেমাটি। বিষয়বস্তুতে ভারত-চীন সম্পর্কের প্রসঙ্গ থাকায় ছাড়পত্র পেতে কিছুটা সময় লাগে। বিশেষ করে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের পরিবর্তিত পরিস্থিতির বিষয়টি বিবেচনায় নিয়ে সিনেমাটিতে কিছু সংশোধনের প্রয়োজন হয়েছিল।
এ কারণে নির্ধারিত সময়ে সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি। সম্প্রতি সিনেমাটির সংশোধিত সংস্করণ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে। এর ফলে সিনেমাটির মুক্তির পথও খুলে গেছে।
‘মাতৃভূমি’ পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া। এতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। ১৩ নভেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। সব আনুষ্ঠানিকতা শেষ হলে নির্ধারিত তারিখেই সিনেমাটি দর্শকদের সামনে আসবে বলে আশা করা হচ্ছে।


