নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে মিছিল আয়োজনকে কেন্দ্র করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক মিজুসহ অন্তত আটজন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ একে অপরকে দায়ী করেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় কয়েকটি মোবাইল ফোন ভাঙচুরের অভিযোগও পাওয়া গেছে।
হলের একাধিক প্রত্যক্ষদর্শী জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের করার প্রস্তুতি নেন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক মিজু। এ সময় তার সাথে ছিলেন হলের কয়েকজন জুনিয়র শিক্ষার্থী। মিছিলের উদ্দেশ্যে হল থেকে বের হওয়ার সময় ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এএম শোয়াইবের অনুসারী তায়েফ মাহমুদ ও সিফাতের সাথে তাদের বাগ্বিতণ্ডা হয়।
একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হুমকি ও পাল্টা হুমকির ঘটনা ঘটে। পরে মিছিল শেষে হলে ফিরে এলে আবারও উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।
সোহরাওয়ার্দী হলের কৃষি অনুষদের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানান, মিছিল থেকে ফেরার পর দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। সংঘর্ষের সময় কয়েকটি মোবাইল ফোনও ভাঙচুর করা হয়।
এ ঘটনায় ছাত্রদলের সদস্যসচিব শফিকুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এএম শোয়াইবের অনুসারীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন আহত মেজবাউল হক মিজু।
তার ভাষ্য অনুযায়ী, রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে মিছিল শেষে সোহরাওয়ার্দী হলে ফেরার পথে তাদের ওপর অতর্কিত হামলা হয়। ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তায়েফ মাহমুদ ও সিফাতের নেতৃত্বে সোহরাওয়ার্দী হলের ২০ থেকে ৩০ জন এবং মাওলানা ভাসানী হলের ৪০ থেকে ৫০ জন এতে অংশ নেন বলে দাবি করেন তিনি।
মিজু আরও অভিযোগ করেন, সোহরাওয়ার্দী হলের সাংগঠনিক দায়িত্বে রয়েছেন এএম শোয়াইব এবং মাওলানা ভাসানী হলের দায়িত্বে আছেন শফিকুল ইসলাম। এর আগের দিন বুধবার শফিকুল ইসলাম তাকে হত্যার হুমকি দিয়েছিলেন বলেও দাবি করেন মিজু। হামলার সময় তার একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তবে মিজুর অভিযোগ অস্বীকার করে পাল্টা বক্তব্য দিয়েছেন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তায়েফ মাহমুদ। তার দাবি, কেন্দ্রীয় নেতৃত্বের অনুমতি ছাড়াই মিছিল আয়োজন করেছিলেন মিজু। এ বিষয়ে জানতে চাইলে মিজু কেন্দ্রীয় নেতৃত্বকে মানেন না বলে জানান।
তায়েফের অভিযোগ, এ সময় মিজুর অনুসারীরাই প্রথমে তাকে, সিফাতসহ কয়েকজনকে আক্রমণ করেন। হামলা প্রতিহত করতে গেলে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতি হয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন।
তিনি আরও দাবি করেন, গত ৫ নভেম্বরও মিজুর অনুসারীরা তাদের ওপর একই ধরনের হামলা চালিয়েছিলেন।
এদিকে সংঘর্ষে নিজের সংশ্লিষ্টতার অভিযোগ নাকচ করেছেন বাকৃবি শাখা ছাত্রদলের সদস্যসচিব কৃষিবিদ মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের তিনটি হলের সাংগঠনিক দায়িত্ব নেতাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। সোহরাওয়ার্দী হলের দায়িত্বে রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক এএম শোয়াইব। ফলে ওই হলের ঘটনায় তার কোনো সংশ্লিষ্টতা নেই।
শফিকুল ইসলাম দাবি করেন, অভিযোগকারী ব্যক্তিগত আক্রোশ থেকে তার নাম জড়াতে পারেন। ময়মনসিংহে বাড়ি হওয়ায় অনেকে তার বিরুদ্ধে স্থানীয় প্রভাব খাটানোর অভিযোগ করেন। তবে ঘটনার সময় তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই ছিলেন না।
মাওলানা ভাসানী হলের শিক্ষার্থীদের ঘটনাস্থলে উপস্থিতির বিষয়ে তিনি বলেন, কোনো হলে সংঘর্ষ হলে অন্য হলের শিক্ষার্থীরা সাধারণত তা দেখতে যান। এ ক্ষেত্রেও তেমন কিছু ঘটে থাকতে পারে। তবে ভাসানী হল থেকে কেউ এ বিষয়ে তার সাথে যোগাযোগ করেননি।
অন্যদিকে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এএম শোয়াইবও।
তার দাবি, ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা ছাত্রদলকে বিতর্কিত করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অভিযোগ তুলছেন। মেজবাউল হক মিজু ছাত্রলীগের সাবেক সভাপতি তায়েফুর রহমান রিয়াদের অনুসারী বলেও দাবি করেন তিনি।
শোয়াইব বলেন, ছাত্রলীগের কর্মকাণ্ডকে সামনে আনা এবং ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই তার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। ঘটনার সময় তার কোনো ভূমিকা ছিল কি না, হলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলেই তা পরিষ্কার হবে।
সংঘর্ষের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করছে। তাই এখনই কাউকে দায়ী করা সম্ভব নয়।
তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ এবং কারা সংঘর্ষে জড়িত ছিলেন, তা শনাক্ত করতে হলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হবে। তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।


