কারাগারে অসুস্থ হয়ে পড়ায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আইনজীবীরা। তাদের দাবি, ৭৪ বছর বয়সী ইমরানের ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
বুধবার (১১ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবার রাতে ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (পিআইএমএস) নেওয়া হয়। সেখানে তার চোখ পরীক্ষা ও চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।
রয়টার্স জানায়, ইমরানের রক্তচাপজনিত কিছু সমস্যা দেখা দিয়েছিল। এ কারণে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। ওই সূত্রের ভাষ্য, ‘তার রক্তচাপজনিত কিছু সমস্যা ছিল...গত রাতে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তাকে আবার কারাকক্ষে ফিরিয়ে নেওয়া হয়েছে।’
এদিকে ইমরানের আইনজীবীরা বলছেন, কারাগারে তার স্বাস্থ্যের অবনতি ঘটেছে। বিশেষ করে ডান চোখের দৃষ্টিশক্তি অনেকটাই কমে যাওয়ায় তারা উদ্বিগ্ন। গত আগস্টের পর এবারই প্রথম চিকিৎসার জন্য তাকে হাসপাতাল নেওয়ার তথ্য সামনে এল। এর আগে গত আগস্টেও তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।
২০২২ সালে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এরপর তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা করা হয়। তিন বছরের বেশি সময় ধরে কারাবন্দী রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তার বিরুদ্ধে দায়ের করা বেশ কয়েকটি মামলার আপিল এখনো আদালতে বিচারাধীন।
ইমরান খান বরাবরই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন। এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি তার। তবে পাকিস্তান সরকার তার এই অভিযোগ নাকচ করে আসছে।
এর মধ্যে ইমরান খানের আইনি দল ও স্ত্রীকে কারাগারে গিয়ে তার সাথে সাক্ষাতের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের একটি আদালত। ইমরানের আইনজীবী দল এ তথ্য জানিয়েছে। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের মধ্যেই আদালতের এই নির্দেশ নতুন করে আলোচনায় এসেছে।



