...|...|...

খেলা

চুল টেনে দুই লাল কার্ড, ফুটবল মাঠে অদ্ভুত কাণ্ড

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৫৮
Shares
চুল টেনে দুই লাল কার্ড, ফুটবল মাঠে অদ্ভুত কাণ্ড

ছবি:সংগৃহীত

ফুটবল মাঠে ফাউল, তর্ক কিংবা লাল কার্ড নতুন কিছু নয়। তবে অ্যাঙ্গুইলার ফরোয়ার্ড অ্যাডেন স্কিপিওকে ঘিরে ঘটেছে বেশ অদ্ভুত এক ঘটনা। তার গোড়ালি ছাপিয়ে নেমে আসা লম্বা ড্রেডলক চুল ধরে টান দেওয়ায় প্রতিপক্ষের দুই খেলোয়াড়কে সরাসরি লাল কার্ড দেখেছেন রেফারি। ফলে ম্যাচটি শেষ করতে হয়েছে ৯ জনের দল নিয়ে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) কনকাকাপ  নেশনস লিগে অ্যান্টিগুয়া ও বারবুডার বিপক্ষে ম্যাচে এই ঘটনা ঘটে। ম্যাচের ৬৯ মিনিটে মাঠে নামেন ৩৬ বছর বয়সী স্কিপিও। ততক্ষণে অ্যাঙ্গুইলা ৫-০ গোলে পিছিয়ে ছিল। মাঠে নামার কয়েক মিনিটের মধ্যেই তার লম্বা চুলকে ঘিরে তৈরি হয় প্রথম নাটকীয়তা।

স্কিপিওর চুল এমনিতেই বেশ নজরকাড়া। কোমরের নিচ পর্যন্ত নেমে আসা ড্রেডলক সামলাতে মাঠে নামার সময় কোমরের চারপাশে ব্যান্ড ব্যবহার করতে হয় তাকে। কিন্তু এই চুলই যে ম্যাচে প্রতিপক্ষের জন্য বিপদ ডেকে আনবে, তা হয়তো তিনি কল্পনাও করেননি।

মাঠে নামার মাত্র তিন মিনিট পর স্কিপিওর ড্রেডলকে টান দেন অ্যান্টিগুয়া ও বারবুডার কিওন গ্রিন। ঘটনাটি চোখ এড়ায়নি রেফারির। শাস্তি হিসেবে গ্রিনকে সরাসরি লাল কার্ড দেখানো হয়।

এরপর ম্যাচের যোগ করা সময়ে আবারও স্কিপিওর চুল ধরে টান দেওয়ার ঘটনা ঘটে। এবার প্রতিপক্ষের শালন নাইট তাকে এত জোরে টান দেন যে স্কিপিও ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান। এই ঘটনার পর নাইটকেও সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

ফলে ম্যাচের শেষদিকে ৯ জনের দল হয়ে যায় অ্যান্টিগুয়া ও বারবুডা। তবে দুই লাল কার্ডের পরও ম্যাচের ফলাফলে কোনো পরিবর্তন আসেনি। শেষ পর্যন্ত অ্যাঙ্গুইলাকে ৫-০ গোলে হারায় অ্যান্টিগুয়া ও বারবুডা।

ফিফা র‍্যাংকিংয়ে অ্যাঙ্গুইলার অবস্থান ২১০তম, তাদের নিচে রয়েছে শুধু সান মারিনো। বড় ব্যবধানে হারের পরও ম্যাচটির আলোচনায় স্কোরলাইনকে ছাপিয়ে জায়গা করে নিয়েছে স্কিপিওর অস্বাভাবিক লম্বা ড্রেডলক এবং সেই চুল ঘিরে পাওয়া দুই লাল কার্ড।