...|...|...

সারাদেশ

চুরি করতে এসে পেলেন মানবিকতার ছোঁয়া, দিলেন রক্ত

এ এম আব্দুল ওয়াদুদ, শেরপুর
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৫৭
Shares
চুরি করতে এসে পেলেন মানবিকতার ছোঁয়া, দিলেন রক্ত

ছবি: টাইমস টুডে

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় চুরি করতে এসে স্থানীয়দের হাতে ধরা পড়েছিলেন এক যুবক। তবে তাকে গণপিটুনি বা নির্যাতনের শিকার হতে হয়নি। বরং স্থানীয়রা তাকে খাবার খেতে দেন। পরে রক্তের গ্রুপ পরীক্ষা করতে গিয়ে ঘটে আরেকটি মানবিক ঘটনা। এক মুমূর্ষু রোগীর জরুরি রক্তের প্রয়োজন হলে ওই যুবক স্বেচ্ছায় রক্তদান করেন। এরপর তার অসহায় জীবনের কথা জেনে পাশে দাঁড়ায় একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইগাতী উপজেলার তিনানী এলাকার বাসিন্দা মেহেদী হাসান চুরি করতে এসে স্থানীয়দের হাতে ধরা পড়েন। পরে তার সাথে কথা বলে জানা যায়, ছোটবেলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। চিকিৎসার একপর্যায়ে তার একটি হাত কেটে ফেলতে হয়। শারীরিক প্রতিবন্ধকতা ও আর্থিক সংকটের কারণে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছিলেন তিনি।

ঘটনার পর স্থানীয়রা তাকে মারধর না করে খাবার খেতে দেন। এ সময় রক্ত সৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের সদস্যরা তার রক্তের গ্রুপ পরীক্ষা করেন। ঠিক তখনই এক মুমূর্ষু রোগীর জন্য জরুরি রক্তের প্রয়োজন হলে মেহেদী হাসানকে রক্তদানে উদ্বুদ্ধ করা হয়। পরে তিনি স্বেচ্ছায় রক্তদান করেন।

রক্তদানের পর তার পারিবারিক ও আর্থিক দুরবস্থার কথা জানতে পেরে রক্ত সৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়।

সংগঠনটির প্রতিষ্ঠাতা মো. আল আমিন রাজু বলেন, “দীর্ঘ সময় কথা বলার পর মেহেদী হাসান আমাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি আর কখনও চুরির সঙ্গে জড়াবেন না।” সংগঠনের দাবি, ওই ঘটনার পর থেকে তিনি আর কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াননি।

স্থানীয়দের মতে, শাস্তির পরিবর্তে সহমর্মিতা ও মানবিক আচরণ অনেক সময় একজন মানুষকে নতুনভাবে বাঁচার অনুপ্রেরণা দিতে পারে। মেহেদী হাসানের এই ঘটনা তারই একটি ব্যতিক্রমী উদাহরণ।