...|...|...

সারাদেশ

চুরির দিকে ঠেলে দেওয়া হচ্ছে সাংবাদিকদের: বিএফইউজে সভাপতি

নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৫৯
Shares
চুরির দিকে ঠেলে দেওয়া হচ্ছে সাংবাদিকদের: বিএফইউজে সভাপতি

ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন তো দূরের কথা, অনেক সাংবাদিক টাকাই পান কি না-এটাই বিশ্বাস হয় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন।

তিনি বলেন, এই অবস্থা যদি হয়, তাহলে তো চুরির দিকে আমাদের সাংবাদিকদের ঠেলে দেওয়া হচ্ছে। এই অবস্থা থেকে আমরা মুক্তি চাই। এই অবস্থা থেকে আমরা বাঁচতে চাই।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারী জেলা পরিষদ মিলনায়তনে নীলফামারী সাংবাদিক ইউনিয়ন (এনপিইউজে) আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএফইউজে সভাপতি বলেন, গণমাধ্যম যদি পরিবর্তন হয়, তাহলে আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে। আপনাদের ভাগ্যের পরিবর্তন হলে একটা বড় উপকার হবে গোটা রাষ্ট্রের। সেটা হলো গণতন্ত্র স্থায়ী হবে। গণতন্ত্র এবং গণমাধ্যম একসঙ্গে যায়। আর গণমাধ্যম যদি অন্ধকারে যায়, এ দেশের গণতন্ত্রও অন্ধকারে চলে যাবে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, ওহে রাষ্ট্রের প্রতিনিধিবৃন্দ, আপনারা শুনে রাখুন, যদি এ দেশে গণতন্ত্র চালু রাখতে চান, তাহলে আপনারা গণমাধ্যম এবং গণমাধ্যমে যারা কাজ করেন, তাদের দিকে ফিরে তাকান। এভাবে নামমাত্র অর্থ দিয়ে আপনারা গণমাধ্যম বাঁচাতে পারবেন না।

তিনি বলেন, আপনারা বাঁচাতে হলে প্রত্যেক উপজেলা প্রতিনিধি, প্রত্যেক জেলা প্রতিনিধি যেন অন্তত তার চলার জন্য, তার সংসার পরিচালনার জন্য এবং স্বচ্ছল থাকার জন্য প্রয়োজনীয় অর্থ পত্রিকা বা গণমাধ্যম থেকে পান, সেই ব্যবস্থা করতে হবে। আপনারা যদি তা না করেন, তাহলে যে মিডিয়াগুলো এসব করে না, তাদের দেওয়া সাপোর্ট বন্ধ করুন।

মতবিনিময় সভায় নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াসিন মোহাম্মদ সিথুনের সভাপতিত্বে এবং ইন্ডিপেনডেন্ট টিভির নীলফামারী প্রতিনিধি আরফিনুল ইসলামের সঞ্চালনায় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা বক্তব্য দেন।