...|...|...

বিশ্ব

চীনে বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ১৪

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৪৮
Shares
চীনে বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ১৪

ছবি: সংগৃহীত

চীনের উত্তরাঞ্চলে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (৯ নভেম্বর) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া নিউজ এজেন্সি স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়, রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় দেশটির শানসি প্রদেশের রাজধানী তাইয়ুয়ানের একটি বহুতল ভবনে আগুন লাগে। মুহূর্তেই আগুন ভবনটির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, অগ্নিকাণ্ডের পর রোববার ৩৮ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়। পরে সোমবার সকাল নাগাদ নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়ায়।

অগ্নিকাণ্ডের শিকার ভবনটি তাইয়ুয়ান শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। এর আশপাশে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, বাণিজ্যিক কেন্দ্র ও পর্যটন এলাকা রয়েছে।

তবে কী কারণে ভবনটিতে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

এর আগেও চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বছরের নভেম্বরে হংকংয়ের কয়েকটি বহুতল ভবনে ছড়িয়ে পড়া আগুনে ১৬৮ জনের মৃত্যু হয়। এর এক মাস পর দেশটির দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে প্রাণ হারান আরও ১২ জন।