নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় চীনের তৈরি বাণিজ্যিক ড্রোন ও গাড়ি সামরিক ঘাঁটি এবং প্রশিক্ষণকেন্দ্রে নিষিদ্ধ করেছে জার্মান সেনাবাহিনী। এসব ড্রোন ও গাড়ির মাধ্যমে সামরিক স্থাপনার ছবি, প্রশিক্ষণ কার্যক্রম এবং অস্ত্রব্যবস্থার সংবেদনশীল তথ্য চীনের গোয়েন্দা সংস্থার কাছে চলে যেতে পারে বলে শঙ্কা করা হচ্ছে।
জার্মান সংবাদমাধ্যম ডের স্পিগেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি দেশটির সশস্ত্র বাহিনী বুন্দেসভেয়ারের সব ইউনিটে চীনের তৈরি বাণিজ্যিক ড্রোনের ব্যবহার অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে ডিজেআইয়ের মতো বড় নির্মাতা প্রতিষ্ঠানের ড্রোনও রয়েছে। আগে কেনা এসব ড্রোন যত দ্রুত সম্ভব ব্যবহার থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।
জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ও নিরাপত্তার স্বার্থে এ পদক্ষেপ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, চীনের তৈরি ড্রোন আর ব্যবহার করা হবে না। এসব ড্রোনের পরিবর্তে জার্মানি কিংবা ইউরোপের অন্যান্য দেশের তৈরি ড্রোন ব্যবহার করা হবে।
তবে ২০২৪ সাল থেকে প্রশিক্ষণের জন্য কতগুলো চীনা ড্রোন কেনা হয়েছে, তা জানাতে অস্বীকৃতি জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। সামরিক নিরাপত্তার কারণ দেখিয়ে এ তথ্য প্রকাশ করা হয়নি। ডের স্পিগেলের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সামরিক কমান্ডাররা সহজ প্রশাসনিক প্রক্রিয়ায় কয়েক হাজার বাণিজ্যিক ড্রোন কিনেছেন বলে ধারণা করা হচ্ছে। এসব ড্রোনের মধ্যে ডিজেআইয়ের ম্যাট্রিস এম৩০টি মডেলও রয়েছে।
২০২৪ সালে ড্রোন কৌশলের অংশ হিসেবে বুন্দেসভেয়ার উপযুক্ত ড্রোনের একটি তালিকা তৈরি করেছিল। ওই তালিকায় ডিজেআইয়ের কয়েকটি মডেলও ছিল। কিন্তু কোন ইউনিট কী ধরনের ড্রোন কিনেছে, তার কেন্দ্রীয় কোনো হিসাব না থাকায় এখন সব চীনা ড্রোনের ওপর নিষেধাজ্ঞা দিতে হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চীনা ড্রোনের মাধ্যমে তথ্য পাচারের আশঙ্কা নিয়ে কয়েক মাস ধরে জার্মান সেনাবাহিনীর মধ্যে বিতর্ক চলছিল। প্রথমদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি ছিল, সামরিক ঘাঁটি ও প্রশিক্ষণকেন্দ্রে এসব ড্রোন কঠোর নিরাপত্তাবিধি মেনে ব্যবহার করা হয়। সংবেদনশীল তথ্য নেই, এমন এলাকাতেই এগুলো ওড়ানো হয়। তবে সামরিক পাল্টা-ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থার প্রশিক্ষণে লক্ষ্যবস্তু হিসেবেও এসব ড্রোন ব্যবহার করা হতো।
একাধিক সূত্রের দাবি, জার্মানির সামরিক কাউন্টার-ইন্টেলিজেন্স সংস্থা এমএডি কয়েকটি ড্রোন পরীক্ষা করে তথ্য বাইরে পাঠানোর ফরেনসিক প্রমাণ পেয়েছে। তবে এসব ড্রোনের মাধ্যমে ইতোমধ্যে কোনো সংবেদনশীল তথ্য চুরি হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।


