...|...|...

চট্টগ্রাম

চিন্ময় কৃষ্ণ দাসের মায়ের মৃত্যু

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:০৪
Shares
চিন্ময় কৃষ্ণ দাসের মায়ের মৃত্যু

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা সন্ধ্যা রানী ধর মারা গেছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টা ৩৪ মিনিটের দিকে চট্টগ্রামের হাটহাজারীর শ্রীশ্রী পুণ্ডরীক ধাম আশ্রমে তিনি মারা যান।

মৃত্যুর আগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিজেই এই আশ্রমে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা সন্ধ্যা রানী ধর। চিন্ময় কৃষ্ণ দাসও দীর্ঘদিন এই আশ্রমে থাকতেন।

এর আগে অসুস্থ হয়ে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। স্বাস্থ্য পরীক্ষায় তার ক্যান্সার শনাক্ত হয়।

তবে হাসপাতালে থাকতে চাইছিলেন না সন্ধ্যা রানী ধর। ছেলের আশ্রমেই জীবনের শেষ সময় কাটানোর ইচ্ছা ছিল তার।

২০২৪ সালের ২৫ নভেম্বর থেকে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ কারাগারে আটক আছেন। 

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে একই বছরের ৩১ অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় তিনিসহ ১৯ জনকে আসামি করে মামলা করা হয়। বাদী ছিলেন নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান।

ওই মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকা থেকে চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়। পরদিন চট্টগ্রামের আদালতে হাজির করা হলে তার জামিন আবেদন নাকচ করা হয়।

সে সময় তার অনুসারীদের সাথে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংঘর্ষের মধ্যে আদালতসংলগ্ন এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।

এই ঘটনায় আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম দিয়ে হত্যা মামলা করেন। পরে তদন্ত কর্মকর্তার আবেদনে ওই মামলায়ও চিন্ময় দাসকে গ্রেফতার দেখানো হয়।