...|...|...

সারাদেশ

চা পাতা তুলতে গিয়ে নিখোঁজ, রাতে লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০২ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:১৭
Shares
চা পাতা তুলতে গিয়ে নিখোঁজ, রাতে লাশ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগানে চা পাতা তুলতে গিয়ে নিখোঁজ হওয়া এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে পরিবার ও স্থানীয় শ্রমিকরা।

সোমবার (৩১আগস্ট) রাতে বাগানের ২৯ নম্বর সেকশনের একটি ড্রেনের ভিতর থেকে ওই শ্রমিকের লাশ পাওয়া যায়।

নিহতের নাম মীরা হাজরা (৪০)। তিনি ভাড়াউড়া চা বাগানের স্থায়ী শ্রমিক ছিলেন।

পরিবার ও বাগান সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টায় প্রতিদিনের মতো চা পাতা তুলতে নিজ বাড়ি থেকে বের হন মীরা হাজরা। কিন্তু নির্ধারিত সময়ের পরও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় পড়েন।

সন্ধ্যার পর রাত পর্যন্ত খোঁজ না পেয়ে পরিবারের লোকজন ও বাগানের অন্যান্য শ্রমিকরা মিলে তাকে খুঁজতে বের হন।

অনেক খোঁজাখুঁজির পর রাতে বাগানের ২৯ নম্বর সেকশনের একটি ড্রেনের ভিতর মীরা হাজরার লাশ দেখতে পান তারা। তাৎক্ষণিকভাবে বাগান কর্তৃপক্ষ ও পুলিশকে খবর দেওয়া হয়।

শ্রীমঙ্গল থানা পুলিশের এক কর্মকর্তা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এটি দুর্ঘটনা নাকি অন্য কিছু, ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে।

এই ঘটনায় ভাড়াউড়া চা বাগানসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও স্বজনরা নিহত শ্রমিকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একইসাথে বাগানে শ্রমিকদের নিরাপত্তা ও ড্রেন-খালের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।