...|...|...

সারাদেশ

চার বছরে ৪ কোটি পরিবার পাবে ফ্যামিলি কার্ড: শাহে আলম

বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৩৫ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৫২
Shares
চার বছরে ৪ কোটি পরিবার পাবে ফ্যামিলি কার্ড: শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। ছবি: টাইমস টুডে

জামায়াতে ইসলামীর সমালোচনা করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, আমরা বেহেশতের গ্যারান্টি দিতে পারব না, তবে উন্নয়নের গ্যারান্টি দিতে চাই। দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড এবং কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দিতে চাই। জনগণের কল্যাণে কাজ করেই পাঁচ বছর পর বিএনপি আবারও ক্ষমতায় যাবে। আগামী চার বছরের মধ্যে দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেই বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার মাঝেমধ্যেই দেশে ফেরার হুমকি দেওয়া দেয়। কিন্তু আর দেশে ফেরা হয় না। আমরাও চাই, দেশে ফিরে আসুন। কারণ, জনগণ বিচার দেখতে অপেক্ষা করছে।

জনসমর্থনের পার্থক্য উল্লেখ করে আরও বলেন, তারেক রহমানের দেশে ফেরার দিন কোটি কোটি মানুষ ঢাকায় সমবেত হয়েছিলেন। কিন্তু শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এটাই জনগণের ভালোবাসা আর জনসমর্থনের পার্থক্য। শহীদ জিয়ার প্রতিষ্ঠিত বিএনপি যুগে যুগে জনপ্রিয়তা ধরে রেখেছে। জনগণের ভালোবাসা এবং আস্থা আমাদের সবচেয়ে বড় শক্তি।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে বগুড়ার মোকামতলা উপজেলার রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাপতিত্ব করেন মোকামতলা উপজেলা বিএনপির আহবায়ক মাহমুদ হাসান তৌফিক।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, বিএনপি ‘আমি-ডামি’ নির্বাচন করে ক্ষমতায় যেতে চায় না। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে অবাধে ভোট দিয়ে নির্বাচিত করবেন। বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না সরকার। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে দলীয় পরিচয়ে পার পাওয়ার সুযোগ নেই।

একইদিন, বগুড়া-২ আসনে মীর শাহে আলম ফাউন্ডেশনের উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন করা হয়। প্রথম দিন মোকামতলা উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। প্রায় দুই হাজার মানুষ চক্ষু চিকিৎসা সেবা নিয়েছেন। তাদের মধ্যে প্রায় ৬০০ জনের ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে। কর্মসূচির শেষদিন শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দুই উপজেলার ৬ শতাধিক শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল উপহার দেওয়া বলে জানানো হয়।

বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, তারা (জামায়াত) এমন একটি সংগঠন, যারা নিজেদের কর্মীদের পাশাপাশি একজন ফকিরকেও ভিক্ষা দেয় না। বেহেশতের প্রলোভনে যারা জামায়াতকে ভোট দিয়েছেন, তারা এখন আফসোস করছেন। ভোটের পর তাদেরকে জনগণের পাশে দেখা যাচ্ছে না। ইসলাম নিয়ে জামায়াত বড় বড় কথা বললেও ইমাম, মুয়াজ্জিন, খাদেমদের আর্থিক নিরাপত্তার বিষয়ে কার্যকর উদ্যোগ নেয়নি। বিএনপি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চায়। ইমাম মুয়াজ্জিনদের বেতনের ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সুধী সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া জজ আদালতের জিপি শফিকুল ইসলাম টুকু, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব, মোকামতলা উপজেলা বিএনপির সদস্য সচিব রোকন-উদ-দৌলা রুবেল, শিবগঞ্জ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান। এসময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, প্রতিমন্ত্রীর প্রেস সেক্রেটারি (রাজনৈতিক) মো. আতিকুর রহমান, শিবগঞ্জ থানার ওসি মো. শাহীনুজ্জামান শাহীন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।