চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে তিন কোটি ছয় লাখ ৯৪ হাজার টাকা মূল্যের চোরাচালানী পণ্য জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বিজিবি জানায়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে ভোলাহাট উপজেলার আলীমোড় এলাকায় খড়কপুর বিওপির বিশেষ টহলদল অভিযান চালিয়ে ১৩৫ টি ভারতীয় বিভিন্ন মডেলের চোরাই মোবাইল ফোন উদ্ধার করে। এ সময় একটি ইজিবাইক জব্দ করা হয়। এসবের মোট সিজার মূল্য ৪৯ লাখ ১৫ হাজার টাকা। বিজিবির উপস্থিতি টের পেয়ে ইজিবাইকের চালক পালিয়ে যায়।
অন্যদিকে, বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সোনামসজিদ বিওপির একটি টহলদল শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি মালিকবিহীন ভারতীয় ট্রাক তল্লাশি করে পাথরের মধ্যে লুকানো ৭০৮ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ ও পাঁচটি বেনারসি শাড়ি উদ্ধার করা হয়। জব্দ করা পণ্য ও ট্রাকের মোট সিজার মূল্য ২ কোটি ৫৭ লাখ ৭৯ হাজার টাকা।
জব্দকৃত চোরাচালানী পণ্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে দায়িত্ব পালন করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

