...|...|...

সারাদেশ

চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩৮ নেতা কর্মীসহ গ্রেফতার ৪৪

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, দুপুর ২:২৭
Shares
চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩৮ নেতা কর্মীসহ গ্রেফতার ৪৪

ছবি: সংগৃহীত

চাঁদপুর পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ
৪৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে কিশোর গ্যাং সন্দেহভাজন ২৫ জন কিশোরকে আটক করা হয়। এ ছাড়া পৃথক মাদকবিরোধী অভিযানে ৬০ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) পুরো জেলা জুড়ে বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান চালানো হয়। 

পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের নির্দেশনায় অপরাধ দমন ও জননিরাপত্তায় জেলার সবকয়টি থানার পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।

রবিবার (৮ নভেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানা গেছে। 

পুলিশের তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযানে চাঁদপুর সদরে ১২ জন, ফরিদগঞ্জে ৮ জন, মতলব দক্ষিণে ২ জন, মতলব উত্তরে ৪ জন, হাজীগঞ্জে ৪ জন, শাহরাস্তিতে ২ জন এবং কচুয়ায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে, মাদকবিরোধী অভিযানে হাইমচরে একজন, ফরিদগঞ্জে ২ জন, মতলব উত্তরে একজন এবং শাহরাস্তিতে ২ জনকে গ্রেফতার করা হয়।

অভিযানে হাইমচর ও ফরিদগঞ্জে ২ পিস করে মোট ৪ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এছাড়া মতলব উত্তর ও শাহরাস্তিতে যথাক্রমে ২০ ও ৪০ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ। 

অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে চাঁদপুর সদরে ৩ জন, হাইমচরে ৪ জন, ফরিদগঞ্জে ৫ জন, মতলব দক্ষিণে ৪ জন, হাজীগঞ্জে ৪ জন এবং কচুয়ায় ৫ জনসহ মোট ২৫ জনকে আটক করে পুলিশ। 

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, আটক কিশোরদের মধ্যে ২৪ জনকে যাচাই-বাছাই শেষে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় এবং বাকি একজনের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া গ্রেফতারকৃত অন্যদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া  হয়েছে।

তিনি আরও জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।