গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলন্ত মোটরসাইকেলে ভিডিও তৈরি করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় শাওন মিয়া (৩২) নামে এক কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে।
সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে গোবিন্দগঞ্জ-রাজা বিরাট সড়কের ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওন বগুড়া জেলার মোকামতলা উপজেলার দাড়িদহ সরদারপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শাওন দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কনটেন্ট তৈরি করতেন। মোটরসাইকেল চালানোর সময় অন্যদের দিয়ে ভিডিও ধারণ করে তা নিজের ফেসবুক পেজে প্রকাশ করতেন তিনি।
সোমবার সকালে মোটরসাইকেল চালিয়ে ভিডিও তৈরির সময় শাওন হাত ছেড়ে দেন। কিছুদূর যাওয়ার পর তিনি মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খান। এতে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে মরদেহ হস্তান্তর করা হবে।


