...|...|...

জাতীয়

চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, জানালেন ইসি মাছউদ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৩৩ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৬, রাত ৮:৩৩
Shares
চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, জানালেন ইসি মাছউদ

ছবি: সংগৃহীত

চলতি ২০২৬-২৭ অর্থবছরের মধ্যে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সব নির্বাচন আয়োজন করা কঠিন হতে পারে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তার মতে, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে কমিশন এখন ব্যস্ত থাকায় অন্য স্থানীয় সরকার নির্বাচনগুলোর বিষয়ে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজের কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আব্দুর রহমানেল মাছউদ জানান, প্রথমে ইউপি নির্বাচনসংক্রান্ত কার্যক্রম এগিয়ে নেওয়ার দিকে মনোযোগ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্বাচন শেষ হলে স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচন আয়োজনের বিষয়টি নিয়ে পরবর্তী চিন্তাভাবনা করা হবে।

চলতি অর্থবছরের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, সব নির্বাচন আয়োজন করা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। তবে এটি তার ব্যক্তিগত মতামত বলেও স্পষ্ট করেন তিনি।

নির্বাচনের প্রস্তুতি ও সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে আবহাওয়া এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাখতে হচ্ছে বলে জানান এই নির্বাচন কমিশনার। বিভিন্ন বাস্তবতার কারণে নির্বাচনের পরিকল্পনা ও সময়সূচিতে পরিবর্তন আসতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ আয়োজন করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে মাছউদ বলেন, বিষয়টি বিবেচনা করা হবে। তবে এ নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো সম্ভব নয়।

তফসিল ঘোষণার সময় সম্পর্কেও বিস্তারিত কিছু জানাননি তিনি। তার ভাষ্য, তফসিল ঘোষণার আগে এ বিষয়ে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা হবে। কমিশন এখনো তফসিল ঘোষণা না করায় এ নিয়ে বিস্তারিত বলার সময় আসেনি।

নির্বাচনি আইন সংশোধন না করেও সেনাবাহিনী মোতায়েনের ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে কি না, জানতে চাইলে মাছউদ জানান, আইন পরিবর্তন ছাড়াও এ ধরনের এখতিয়ার কমিশনের রয়েছে।

ইউপি নির্বাচনের প্রথম ধাপে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না, সে বিষয়ে তিনি বলেন, প্রথম ধাপের পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী ধাপগুলোতে সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি বিবেচনা করা হতে পারে।

স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সব নির্বাচন আয়োজনের জন্য কমিশনের প্রতি সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী ও গণমাধ্যমের পক্ষ থেকে অনুরোধ জানানোর প্রসঙ্গেও কথা বলেন তিনি। মাছউদ জানান, কমিশন বর্তমানে ইউপি নির্বাচন নিয়ে কাজ করছে। এই কার্যক্রমের ব্যস্ততার কারণে অন্য নির্বাচনগুলো নিয়ে এখনই বিস্তারিত পরিকল্পনা করা সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, নির্বাচনের প্রস্তুতি ও সময়সূচি নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।