...|...|...

জাতীয়

চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন, বরাদ্দ ৬ হাজার কোটি টাকা: প্রতিমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:১৪ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:৫০
Shares
চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন, বরাদ্দ ৬ হাজার কোটি টাকা: প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সংগৃহীত

চলতি অর্থবছরের মধ্যেই দেশের স্থানীয় সরকারের সব নির্বাচন আয়োজন ও সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এসব নির্বাচন আয়োজনের ব্যয় নির্বাহে চলতি অর্থবছরের বাজেটে ৬ হাজার কোটি টাকা সংরক্ষণ করা হয়েছে বলেও জানান তিনি।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলো চলতি অর্থবছরের মধ্যেই শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। নির্বাচনের প্রয়োজনীয় ব্যয় নির্বাহের জন্য বাজেটে বরাদ্দ রাখা অর্থ ব্যবহার করা হবে।

তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে যে পাঁচটি অর্ডিন্যান্স জারি করেছিল, সেগুলো ইতোমধ্যে জাতীয় সংসদে আইন হিসেবে পাস হয়েছে। নতুন আইনে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে প্রার্থী মনোনয়নের সুযোগ থাকছে না।

প্রতিমন্ত্রী বলেন, এবার স্থানীয় সরকার নির্বাচন সাধারণ প্রতীকে ও নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে। তবে রাজনৈতিক দলগুলো চাইলে তাদের পছন্দের প্রার্থীদের সমর্থন দিতে পারবে।

নির্বাচনের প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। বাজেটে সংরক্ষিত ৬ হাজার কোটি টাকা নির্বাচন আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে নবগঠিত মোকামতলা উপজেলার নবনিযুক্ত নেতৃবৃন্দকে সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন মীর শাহে আলম। পরে তিনি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।