...|...|...

জাতীয়

জুলাই শহীদদের আত্মত্যাগেই দেশের মানুষ মুক্তি পেয়েছে: প্রধানমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, বিকেল ৪:৪২ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২:১১
Shares
জুলাই শহীদদের আত্মত্যাগেই দেশের মানুষ মুক্তি পেয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কারণেই দেশের মানুষ ফ্যাসিবাদমুক্ত শাসনব্যবস্থা থেকে মুক্তি পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গুম-খুনের শিকার পরিবার এবং জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারের ৭৪ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনে আত্মদানকারীদের মহান ত্যাগের বিনিময়েই আজ দেশের ২০ কোটি মানুষ ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তি পেয়েছে। তিনি বলেন, এ অনুষ্ঠানটি একই সাথে বেদনাদায়ক ও স্মরণীয়, কারণ যাদের আজ পাশে থাকার কথা ছিল, তাদের অনেকেই আমাদের মাঝে নেই।

শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে তারেক রহমান বলেন, সীমিত সম্পদের মধ্যেও সরকার সর্বোচ্চ চেষ্টা করবে তাদের পাশে থাকার। তিনি বলেন, আপনাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কখনো পূরণ করা সম্ভব নয়। তবুও সরকার সবসময় আপনাদের সাথে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি আরও বলেন, যারা দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করে যাবে। শহীদ পরিবারের সদস্যদের সহযোগিতা ও সমর্থন কামনা করে তিনি বলেন, আপনাদের ত্যাগই সরকারের শক্তি ও অনুপ্রেরণার উৎস।

অনুষ্ঠানে গুম-খুনের শিকার পরিবার এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যরা নিজেদের অনুভূতি তুলে ধরেন। এ সময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।