...|...|...

ক্যাম্পাস

চবির প্রধান গেটে তালা ঝুলিয়ে চাকসুর অবরোধ

চবি প্রতিনিধি
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৫৭ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৫৮
Shares
চবির প্রধান গেটে তালা ঝুলিয়ে চাকসুর অবরোধ

ছবি: টাইমস টুডে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সিএনজি অটোরিকশার ভাড়া বাড়ানো এবং পরবর্তীতে কোনো ঘোষণা ছাড়াই সিএনজি চলাচল বন্ধ করে দেওয়ার প্রতিবাদে জিরো পয়েন্টের মেইন গেট বন্ধ করে দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর এ অবরোধের কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাসসহ কোনো যানবাহনই জিরো পয়েন্ট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ বা বের হতে পারছে না। এতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতও বন্ধ রয়েছে।

শিক্ষার্থীদের তথ্যানুযায়ী সোমবার সকাল থেকে কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্টগামী সিএনজি অটোরিকশার ভাড়া বাড়িয়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা চালকদের সাথে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করলেও তাতে সাড়া দেননি তারা।

এরপর সন্ধ্যার দিকে কোনো ধরনের আলোচনা বা পূর্বঘোষণা ছাড়াই সিএনজি চালকরা একযোগে গাড়ি চলাচল বন্ধ করে দেন। এতে ১ নম্বর গেটে বিপুলসংখ্যক শিক্ষার্থী আটকা পড়েন এবং তাদের ভোগান্তিতে পড়তে হয়।

চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভুঁইয়া গণমাধ্যমে বলেন, ‘সিএনজি চালকরা সিন্ডিকেট তৈরি করে সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে রেখেছে। এ বিষয়ে জরুরি পদক্ষেপ নিতে উপাচার্য (ভিসি), উপ-উপাচার্য (প্রোভিসি) ও প্রক্টরিয়াল বডির সাথে একাধিকবার টেলিফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘ভাড়া বৃদ্ধি ও যানবাহন বন্ধের মাধ্যমে শিক্ষার্থীদের জিম্মি করার এই সিন্ডিকেট ভেঙে সিএনজি চলাচল স্বাভাবিক করতে হবে, অন্যথায় শিক্ষার্থীদের যাতায়াতের জন্য কার্যকর বিকল্প পরিবহন ব্যবস্থা করতে হবে। এই দাবি আদায় এবং প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্টের অবরোধ চলমান থাকবে।’

এদিকে চবির অরাজনৈতিক সংগঠন ভয়েস অব স্টুডেন্টের সভাপতি আশিকুর রহমান গণমাধ্যমে বলেন, ‘এখানে সিন্ডিকেট আছে, প্রশাসনের কাছে দাবি রাখব সিএনজি সিন্ডিকেট চুরমার করে দেওয়া হোক। আমি আশা করি, প্রশাসন শিক্ষার্থীদের কল্যাণে ভূমিকা রাখবে।’