...|...|...

ক্যাম্পাস

চবিতে চাকসুর উদ্যোগে ইনোভেশন ফেয়ার অনুষ্ঠিত

চবি প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, রাত ১:০৩
Shares
চবিতে চাকসুর উদ্যোগে ইনোভেশন ফেয়ার অনুষ্ঠিত

ছবি: টাইমস টুডে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে অনুষ্ঠিত হয়েছে ‘Chittagong University Innovation Fair 2026’। এতে প্রজেক্ট শোকেস ও আইডিয়া প্রেজেন্টেশন বিভাগে মোট ৩৬টি দল অংশ নিয়ে নিজেদের উদ্ভাবনী প্রকল্প ও নতুন ধারণা উপস্থাপন করে। পাশাপাশি এ মেলায় সেমিনার ও ইনোভেশন কুইজ প্রতিযোগিতার আয়োজনও করা হয়। বিভিন্ন বিভাগে বিজয়ীদের পুরস্কার ও ক্রেস্ট দেওয়ার পাশাপাশি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ভবনের নিচতলা ও প্রথম তলায় এ মেলা অনুষ্ঠিত হয়। চাকসুর উদ্যোগে আয়োজিত এ মেলায় সহযোগিতা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রোবোটিক্স অ্যান্ড ইনোভেশন ক্লাব। শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগ তুলে ধরা, নতুন ধারণা বিনিময় এবং প্রযুক্তিনির্ভর সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয়।

মেলার প্রজেক্ট শোকেস বিভাগে ২৩টি দল তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে। অন্যদিকে আইডিয়া প্রেজেন্টেশন বিভাগে অংশ নেয় ১৩টি দল। এ দুই বিভাগের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রকল্প ও নতুন ধারণা উপস্থাপনের সুযোগ পান। এর পাশাপাশি প্রযুক্তি ও উদ্ভাবন বিষয়ে আগ্রহ বাড়াতে আয়োজন করা হয় একটি সেমিনার এবং ইনোভেশন কুইজ প্রতিযোগিতা।

আয়োজক সূত্রে জানা যায়, মেলার বিভিন্ন বিভাগে বিজয়ীদের মোট প্রায় সাড়ে সাত হাজার টাকার পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়া মেলায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে দেওয়া হয় পার্টিসিপেশন সার্টিফিকেট। এর মাধ্যমে অংশগ্রহণকারীদের উদ্ভাবনী উদ্যোগ ও মেলায় অংশ নেওয়ার স্বীকৃতি দেওয়া হয়।

আয়োজনের বিষয়ে চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব বলেন, চাকসু নির্বাচনের পর থেকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সেক্টরে শিক্ষার্থীদের স্বার্থে কাজ করার চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদকের উদ্যোগে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রোবোটিক্স অ্যান্ড ইনোভেশন ক্লাবের সহযোগিতায় আয়োজিত এ মেলা অত্যন্ত সফল হয়েছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে চাকসু বিভিন্ন সফট স্কিল কোর্সসহ নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। এ আয়োজনে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানাই।

চাকসুর বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মাহবুবুর রহমান বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা বিকাশ এবং তাদের সৃজনশীল প্রকল্পগুলোকে স্বীকৃতি ও উৎসাহিত করার প্রতিশ্রুতি আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল। আলহামদুলিল্লাহ, এ আয়োজনের মাধ্যমে আমরা সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পেরেছি। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও তাদের উদ্ভাবনী প্রকল্পগুলো আমাদের মুগ্ধ করেছে। আমরা আশাবাদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

চাকসুর পক্ষ থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তোলা এবং প্রযুক্তি ও গবেষণার প্রতি তাদের আগ্রহ বাড়ানোর লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রচেষ্টা থাকবে। শিক্ষার্থীদের সৃজনশীল প্রকল্প উপস্থাপন ও উদ্ভাবনী দক্ষতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে আয়োজকরা।