চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় আব্দুস সোবহান (৩০) নামে হত্যা ও মাদকের ১৯ মামলার এক আসামিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তক্তারপুল এলাকায় নিজ বাড়ির পাশে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুস সোবহান বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের তক্তারপুল এলাকার নুর ইসলামের বাড়ির নুর ইসলামের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশিক জানান, স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, পূর্বশত্রুতার জেরে তক্তারপুল এলাকায় নিজ বাড়ির পাশে সোবহানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশের তথ্যমতে, নিহত সোবহানের বিরুদ্ধে ১৮টি মাদক মামলা ও একটি হত্যা মামলা ছিল। এর মধ্যে ২০২৫ সালের ২৫ জুলাই বাকলিয়ার আরাকান সড়কসংলগ্ন গাফফার কলোনি এলাকায় মাদক কারবারি মহিউদ্দিনকে গুলি করে হত্যার ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
পুলিশের দাবি, মাদক কারবারের নিয়ন্ত্রণ ধরে রাখতে ভাড়াটে খুনি দিয়ে বিদেশি অস্ত্রের মাধ্যমে মহিউদ্দিনকে হত্যা করান সোবহান। পরে নিজেই পুলিশকে ফোন করে হত্যাকারীকে গ্রেফতার এবং অস্ত্র উদ্ধারে সহায়তা করেন। তবে ওই হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে ২০২৫ সালের ৮ আগস্ট তাকে গ্রেফতার করে পুলিশ।


