প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও বিএনপি নেতা রাশেদ খাঁন বলেছেন, আজকের পর কালীগঞ্জের সরকারি কোনো দপ্তরে ঘুষ সহ্য করা হবে না। এমন অভিযোগ পেলে সে কালীগঞ্জে থাকতে পারবে না। এ ব্যাপারে জিরো টলারেন্স। ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, মাদক কালীগঞ্জে হারাম ঘোষণা করা হলো।’
রবিবার (২৩ আগস্ট) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সরকারি কর্মকর্তা, কলেজের অধ্যক্ষ, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, রাজনৈতিক নেতা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, কালীগঞ্জের কোনো সরকারি দপ্তরে ঘুষ গ্রহণ সহ্য করা হবে না। ঘুষের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
মতবিনিময় সভায় সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানিয়ে রাশেদ খাঁন বলেন, তিনি নিজে কোনো অন্যায়ের সাথে জড়িত থাকলে সাংবাদিকরা যেন তা গণমাধ্যমে তুলে ধরেন। একইভাবে অন্য কোনো নেতার বিরুদ্ধে অভিযোগ থাকলেও তথ্য-প্রমাণসহ সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।
রাশেদ খাঁন বলেন, ‘আমি রাশেদ খাঁন নিজে কোনো অন্যায়ে জড়িত হলে সাংবাদিকরা অবশ্যই মিডিয়াতে নিউজ করবেন। অন্য কোনো নেতা জড়িত হলে তথ্য-প্রমাণসহ নিউজ করবেন। সাংবাদিকদের স্বাধীনতা শতভাগ দেওয়া হলো।’
বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর মবকে কোনো ধরনের প্রশ্রয় দেওয়া হচ্ছে না দাবি করে রাশেদ খাঁন বলেন, মবের বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’।
তিনি বলেন, কোনো বেসামরিক ব্যক্তি সালিশ-বাণিজ্য করতে পারবেন না। কেউ অফিস খুলে সালিশ করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।


