রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীরের কোনো কর্মকাণ্ডের দায় পুলিশ বাহিনী নেবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি বলেছেন, এটি সম্পূর্ণ ওই কর্মকর্তার ব্যক্তিগত দায় এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
রবিবার (১৫ নভেম্বর) সাংবাদিকদের সাথে আলাপকালে সিএমপি কমিশনার এসব কথা বলেন।
সিএমপি কমিশনার বলেন, রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের করার পূর্বে সরকারের যথাযথ পূর্বানুমোদন নেওয়া হয়েছে। ওই অনুমোদন পাওয়ার পরেই নগরের পাঁচলাইশ থানায় মামলা রেকর্ড করা হয় এবং পরবর্তীতে এসপি জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যিনি বা যারাই জড়িত হোন না কেন, তার দায় কোনোভাবেই পুরো বাহিনী নেবে না।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত এসপি জাহাঙ্গীর আলম বর্তমানে সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) হেফাজতে রয়েছেন এবং চাঞ্চল্যকর এই মামলাটির তদন্তও এই ইউনিটই পরিচালনা করবে। প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে দ্রুত আদালতে সোপর্দ করা হবে।
এর আগে গত শনিবার রাতে আরআরএফের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহিতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই মামলা দায়ের করেন। মামলার পর থেকেই তাকে বিশেষ নজরদারিতে রাখা হয় এবং শনিবার রাতেই নগরীর পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেফতার করা হয়।


