হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি এবং নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে করা মামলায় গ্রেফতারের আগে ভিডিওবার্তা দেন জামায়াতের মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন।
শুক্রবার সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে প্রকাশ করা ওই ভিডিওতে আখতারুজ্জামান জানান, তাকে ডিবি পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। এর কিছুক্ষণ পরই ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাকে হেফাজতে নেওয়া হয় বলে জানিয়েছেন ডিএমপির ডিবিপ্রধান শফিকুল ইসলাম।
ভিডিওবার্তায় আখতারুজ্জামান বলেন, আমাকে এই মুহূর্তে ডিবি পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। আমি শুধু জানিয়ে গেলাম আপনাদের। দোয়া করবেন, আমি যেন জনগণের জন্য, দেশের মানুষের জন্য বিশেষ করে প্রবাসীদের জন্য যদি শহীদ হতে পারি।
তিনি আরও বলেন, আল্লাহ যেন আমার সেই দাবি কবুল করেন। জনগণের অধিকারের সংগ্রামে আমি আছি, থাকব। যত দিন বেঁচে আছি, তত দিন জনগণের পাশেই থাকব... জনগণের জন্য এ জীবন ত্যাগ করব।
এদিকে, বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে বৃহস্পতিবার ভোরে বিমানবন্দর থানায় মামলা করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা কর্মকর্তা শাহরিয়ার আলম সজিব।
মামলা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আখতারুজ্জামানকে গ্রেফতার করে ডিবি। তার আগে দেওয়া ভিডিওবার্তায় তিনি নিজের গ্রেফতারের বিষয়টি নিজেই জানান।
মামলাটির তদন্ত প্রতিবেদন আগামী ১০ নভেম্বরের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর।


