...|...|...

বিশ্ব

গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, সকাল ৯:৫৭ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৪:৫১
Shares
গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

ছবি: সংগৃহীত

গ্রিসে আশ্রয়প্রার্থীদের প্রবেশের প্রধান প্রবেশদ্বারে পরিণত হওয়া ক্রিট দ্বীপের উপকূল থেকে ৭৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (২৫ আগস্ট) গ্রিক কোস্টগার্ড জানিয়েছে, ক্রিটের কাছাকাছি দুটি নৌকা থেকে ৭৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর কালিমেনেসের কাছে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী দুটি নৌকা দেখতে পায় একটি ইইউ ড্রোন।

কোস্টগার্ডের একজন প্রেস কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধারকৃতদের মধ্যে কমপক্ষে দুজন নারী, দুজন অপ্রাপ্তবয়স্ক এবং বাংলাদেশ ও যুদ্ধবিধ্বস্ত সুদানের নাগরিকরা রয়েছেন।

এর আগে, গ্রিসের এএনএ সংবাদ সংস্থায় অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা ৮৫ জন বলে জানানো হলেও পরবর্তীতে তা সংশোধন করে ৭৯ জন বলা হয়।

এএনএ আরও জানিয়েছে যে, সাম্প্রতিক মাসগুলোতে গ্রিসে সামগ্রিক অভিবাসনপ্রত্যাশীর আগমন কিছুটা কমেছে।

লিবীয় উপকূল থেকে প্রায় ৩২০ কিলোমিটার (২০০ মাইল) দূরে অবস্থিত ক্রিট এবং এর নিকটবর্তী ছোট্ট দ্বীপ গাভদোসে বর্তমানে গ্রিসে আশ্রয়প্রার্থীদের প্রবেশের প্রধান পয়েন্ট বা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

অভিবাসন মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এএনএ জানিয়েছে, গ্রিসে অভিবাসনপ্রত্যাশীর আগমন ২০২৫ সালের আগস্ট পর্যন্ত এক বছরে প্রায় ৬১,০০০ ছিল, যা পরবর্তী ১২ মাসে কমে ৪২,০০০-এ দাঁড়িয়েছে—যা প্রায় ৩১ শতাংশ হ্রাস পাওয়ার ইঙ্গিত দেয়।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপের বিভিন্ন দেশের কর্তৃপক্ষ তাদের অভিবাসন নীতি আরও কঠোর করেছে, বিশেষ করে কড়া দক্ষিণপন্থী ও অভিবাসনবিরোধী দলগুলোর জনসমর্থন বৃদ্ধির প্রেক্ষাপটে। অনিয়মিত অভিবাসীদের স্রোত কমাতে ইউরোপীয় ইউনিয়ন লিবিয়ার মতো ট্রানজিট বা ল্যান্ডিং দেশগুলোর সাথেও সহযোগিতা চালিয়ে যাচ্ছে।

গ্রিসের অভিবাসন মন্ত্রী থানোস প্লেভরিজ অভিবাসীদের আগমনের বিষয়ে একটি কঠোর নীতি বজায় রাখার পক্ষে জোরালো ভূমিকা পালন করে আসছেন। অভিবাসীদের আবেদনের প্রক্রিয়াকরণ সম্পন্ন করতে ইউরোপীয় ইউনিয়নের বাইরে রিটার্ন হাব বা প্রত্যাবাসন কেন্দ্র স্থাপনের বিষয়ে জার্মানি এবং অন্যান্য বেশ কয়েকটি ইইউ দেশের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে গ্রিস।