কক্সবাজারের মহেশখালীতে ভাসমান টার্মিনালে আমদানিকৃত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) কার্গো থেকে গ্যাস স্থানান্তর আবার শুরু হয়েছে। এতে দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পেট্রোবাংলা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কার্গো থেকে এলএনজি স্থানান্তরের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। ফলে গ্যাস সরবরাহ পরিস্থিতিরও উন্নতি হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মহেশখালী এলাকায় বৈরী আবহাওয়ার কারণে এলএনজি কার্গো থেকে ভাসমান টার্মিনালে গ্যাস স্থানান্তর কার্যক্রম ব্যাহত হওয়ার কথা জানিয়েছিল পেট্রোবাংলা। এর প্রভাবে দেশে স্বাভাবিক সময়ের তুলনায় গ্যাস সরবরাহ কিছুটা কমে যায়।
পেট্রোবাংলা তখন জানিয়েছিল, বঙ্গোপসাগরে আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হলে এলএনজি স্থানান্তর কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে। সেই অনুযায়ী আবহাওয়া অনুকূলে আসায় এখন কার্গো থেকে টার্মিনালে এলএনজি স্থানান্তর শুরু হয়েছে।
পেট্রোবাংলার সর্বশেষ তথ্য অনুযায়ী, এলএনজি স্থানান্তর স্বাভাবিকভাবে চললে গ্যাস সরবরাহ পরিস্থিতিও পর্যায়ক্রমে স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে।


