...|...|...

সারাদেশ

গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ-হাদিচত্বর ভাঙচুর

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৪৬
Shares
গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ-হাদিচত্বর ভাঙচুর

ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের আগামী ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করতে গোপালগঞ্জে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের ঘটনা ঘটেছে। 

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর গোপালগঞ্জে এটিই প্রথম সংগঠনটির প্রকাশ্য বিক্ষোভ মিছিল। এতে হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

রবিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টায় শহরের আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা লোগি বৈঠাসহ দেশীয় অস্ত্র নিয়ে শহরে প্রবেশ করে। এ সময় তারা 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু'সহ একাধিক স্লোগান দেন। 

বিক্ষোভকালে মিছিলকারীরা গোপালগঞ্জ সরকারি কলেজ গেটে 'সরকারি বঙ্গবন্ধু কলেজ' নাম সংবলিত ব্যানার টানিয়ে দেয়। পরে তারা মিছিল নিয়ে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে দেয়।

এক পর্যায়ে মিছিলকারীরা গোপালগঞ্জ শহরের শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙে আগুন ধরিয়ে দেয়। পৌরসভার সামনে বিএনপি'র ব্যানার ফেস্টুন ছিঁড়ে রাস্তায় জড়ো করে আগুন ধরিয়ে দেয়।

এছাড়া, লঞ্চঘাট, গোপালগঞ্জ সরকারি কলেজ, প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে টায়ার, বাঁশ ও কাঠ জড়ো করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর দেড়টায়ও বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন প্রান্তে তাদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছে। এই কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। এ সময় পুলিশসহ আইন-শৃঙ্খলার রক্ষা বাহিনীকে শহরের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করতে দেখা গেছে। 

বিক্ষোভ মিছিল চলাকালে শহরের লঞ্চঘাট এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাজু খান ও সামসুল হক বক্তব্য রাখেন।