...|...|...

খেলা

গুলেরের পর এবার চুয়ামেনির সাথে নতুন চুক্তি রিয়ালের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৩
Shares
গুলেরের পর এবার চুয়ামেনির সাথে নতুন চুক্তি রিয়ালের

ছবি: সংগৃহীত

ফরাসি মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনির সাথে দীর্ঘমেয়াদি চুক্তি নবায়ন করেছে রিয়াল মাদ্রিদ। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩২ সাল পর্যন্ত স্প্যানিশ জায়ান্টদের জার্সিতে খেলবেন ২৫ বছর বয়সী এই ফুটবলার। এর মধ্য দিয়ে দলের মাঝমাঠে চুয়ামেনির ওপর আস্থার বিষয়টি আরও একবার স্পষ্ট করল ক্লাবটি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে চুয়ামেনির সাথে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। তার সাথে আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৮ সাল পর্যন্ত। নতুন চুক্তিতে আরও চার বছর যুক্ত হওয়ায় আগামী ছয় বছর ক্লাবটিতে থাকার সুযোগ পাচ্ছেন এই ফরাসি মিডফিল্ডার।

চুয়ামেনির সাথে চুক্তি নবায়নের এক দিন আগেই একই মেয়াদে তুরস্কের মিডফিল্ডার আর্দা গুলেরের সাথেও নতুন চুক্তি করে রিয়াল। অর্থাৎ ২০৩২ সাল পর্যন্ত এই দুই তরুণ ফুটবলারের সেবা নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাবটি।

তবে চলতি মৌসুমে মাঠের লড়াইয়ে কিছুটা ছন্দ হারিয়েছেন চুয়ামেনি। পেশির চোটের কারণে রিয়ালের চারটি ম্যাচে খেলতে পারেননি তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে দলের ১৬ ম্যাচের মধ্যে ১০টিতে মাঠে নেমেছেন এই মিডফিল্ডার। এখন পর্যন্ত গোল করতে না পারলেও সতীর্থের একটি গোলে অবদান রেখেছেন তিনি।

আন্তর্জাতিক বিরতি শেষে আগামী শনিবার (২১ নভেম্বর) আবারও মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। লা লিগার ম্যাচে নিজেদের মাঠে সেল্টা ভিগোর মুখোমুখি হবে দলটি। সেই ম্যাচ দিয়েই নতুন চুক্তির খবরের পর মাঠে ফেরার অপেক্ষায় থাকবেন চুয়ামেনি।