রাজধানীর গুলশানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল থেকে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধারের দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন এসব তথ্য জানা। গ্রেফতার দুজন হলেন- আরাফাত (২০) ও আব্দুর রহিম (৪৯)।
ওসি দাউদ হোসেন বলেন, শুক্রবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন একটি গলিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫০ থেকে ২০০ জন নেতাকর্মী জড়ো হয়ে মিছিলের চেষ্টা করেন।
তিনি জানান, পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলে থাকা ব্যক্তিরা পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় মিছিলে অংশ নেওয়া আরাফাত ও আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।
দাউদ হোসেন বলেন, মিছিলটি প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী হয়েছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে গুলশান এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


