...|...|...

বিশ্ব

গুগলকে ৫৬ হাজার কোটি টাকা জরিমানা করল ইউরোপীয় ইউনিয়ন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:২৫
Shares
গুগলকে ৫৬ হাজার কোটি টাকা জরিমানা করল ইউরোপীয় ইউনিয়ন

ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের গোপনীয়তা বা প্রাইভেসি বিধি লঙ্ঘন করে ব্যবহারকারীদের লোকেশন ডেটা বা অবস্থানের তথ্য বেআইনিভাবে প্রক্রিয়াকরণ এবং এ বিষয়ে পর্যাপ্ত স্বচ্ছতা বজায় রাখতে ব্যর্থ হওয়ার অভিযোগে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগলকে ৪৬ কোটি ৩০ লাখ ডলার (প্রায় ৫৬ হাজার ৫০০ কোটি টাকা) জরিমানা করা হয়েছে। 

সোমবার (২১ সেপ্টেম্বর) আয়ারল্যান্ডের ডেটা প্রটেকশন কমিশন এ তথ্য জানিয়েছে। খবর এপির।

আয়ারল্যান্ডের ডেটা প্রটেকশন কমিশন জানিয়েছে, তাদের তদন্তে দেখা গেছে গুগল ব্যবহারকারীদের ‘ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি’—যা ব্যবহারকারীদের ব্রাউজিং ও সার্চ ইতিহাস ট্র্যাক করে—এবং মোবাইল ফোনের মাধ্যমে পরিদর্শন করা স্থানগুলোর মানচিত্র তৈরি করে এমন পরিষেবা ‘লোকেশন হিস্ট্রি’র ক্ষেত্রে লোকেশন ডেটা আইনগতভাবে বা ন্যায্যভাবে প্রক্রিয়াকরণ করেনি। এছাড়া অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ‘লোকেশন অ্যাকুরেসি’ ফিচারের মাধ্যমেও গুগল ব্যক্তিগত তথ্য আইনগতভাবে, ন্যায্যভাবে এবং স্বচ্ছতার সাথে প্রক্রিয়াকরণে ব্যর্থ হয়েছে বলে নিয়ন্ত্রকরা দেখতে পেয়েছেন।

২৭ জাতির ইউরোপীয় ইউনিয়নে গুগলের মূল ইউরোপীয় সদর দপ্তর ডাবলিনে অবস্থিত হওয়ায় আয়ারল্যান্ডই মূলত গুগলের প্রধান নিয়ন্ত্রক হিসেবে কাজ করে থাকে। আজ থেকে ৬ বছর আগে শুরু হওয়া এই তদন্তে ২০১৮ সালে ইইউ-এর জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন চালুর সময় থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত গুগলের লোকেশন ডেটা হ্যান্ডলিং বা পরিচালনা খতিয়ে দেখা হয়েছে।

গুগল এক বিবৃতিতে জানিয়েছে, এই মামলাটি এমন কিছু পুরোনো নীতিকে কেন্দ্র করে করা হয়েছে যা পরবর্তীতে আপডেট করা হয়েছে।

কোম্পানিটি আরও বলেছে, ২০১৯ সাল থেকে আমরা আমাদের কর্মপদ্ধতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছি এবং শক্তিশালী টুল চালু করেছি যার মাধ্যমে লোকেশন ডেটা পরিচালনা করা সহজ হয়েছে।