...|...|...

সারাদেশ

গাড়ির পাশে যুবলীগের মিছিল, বাধা না দেওয়ায় ৪ পুলিশ ক্লোজড

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৪৪
Shares
গাড়ির পাশে যুবলীগের মিছিল, বাধা না দেওয়ায় ৪ পুলিশ ক্লোজড

পুলিশের গাড়ির সামনে যুবলীগের মিছিল। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় মহাসড়কে পুলিশের পিকআপের সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে কোনো অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতেই তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রত্যাহার হওয়া সদস্যরা হলেন যমুনা সেতু পশ্চিম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আরিফুল ইসলাম আরিফ, পিকআপের চালক কনস্টেবল আব্দুল গফুর এবং কনস্টেবল নাসিমুজ্জামান ও মোরশেদুল ইসলাম। তাদের পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার ভোরে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের সয়দাবাদ এলাকায় বিক্ষোভ মিছিল করেন যুবলীগের নেতাকর্মীরা। এ সময় মহাসড়কের পাশের লেন দিয়ে বিপরীত দিকে যাচ্ছিল পুলিশের একটি পিকআপ।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পুলিশের গাড়িটি সামনে দিয়ে যাওয়ার সময় মিছিলকারীরা উত্তেজিত হয়ে সেটির দিকে এগিয়ে যান। একপর্যায়ে পুলিশ সদস্যদের গাড়ি থেকে না নামার হুমকি দেন তারা। এ সময় পুলিশ সদস্যদের কোনো পদক্ষেপ না নিয়ে নীরবে ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়।

পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিক্ষোভ মিছিল চলার সময় কাছেই পুলিশের পিকআপ ছিল। এ ঘটনায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের কোনো অবহেলা ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে পিকআপে থাকা চার সদস্যকে ক্লোজড করা হয়েছে।

এদিকে ওই মিছিলের পর বুধবার রাতে সিরাজগঞ্জ ও কামারখন্দ থানা পুলিশ অভিযান চালিয়ে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও দত্তবাড়ি মহল্লার বাসিন্দা লিটন শেখ (৪৫), একই মহল্লার ছাত্রলীগকর্মী ইউনুস আলী নিশাত ওরফে আগুন শেখ (৩৮), চক কোবদাসপাড়া এলাকার যুবলীগকর্মী চান শেখ (৪৫) এবং সয়দাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি কোরবান আলী (৩৩)।

পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।