প্রয়াত কিংবদন্তি গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারকে স্মরণে বিশেষ চলচ্চিত্র উৎসবের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। আগামী বছরের ফেব্রুয়ারিতে তার জন্মমাস উপলক্ষে এ উৎসব অনুষ্ঠিত হবে।
বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত সেপ্টেম্বরে কিংবদন্তি চিত্রনায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী উন্মুক্ত চলচ্চিত্র উৎসবে দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছিল বিএফডিসি। সেই অভিজ্ঞতা থেকেই এবার গাজী মাজহারুল আনোয়ারকে ঘিরে বিশেষ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
মাসুমা রহমান তানি বলেন, গাজী মাজহারুল আনোয়ার চলচ্চিত্রশিল্পকে নিজের ঘর মনে করতেন। অথচ মৃত্যুর পর তাকে যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। তার কালজয়ী সৃষ্টিগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শুধু চলচ্চিত্র প্রদর্শনী নয়, উৎসবকে ঘিরে আরও কিছু বিশেষ পরিকল্পনা রয়েছে আয়োজকদের। এর অংশ হিসেবে গাজী মাজহারুল আনোয়ারের লেখা জনপ্রিয় গানগুলো নতুন করে সংগীতায়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ আয়োজনে যুক্ত হয়েছেন তার মেয়ে সংগীতশিল্পী দিঠি আনোয়ার।
উল্লেখ্য, ১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দিতে জন্মগ্রহণ করেন গাজী মাজহারুল আনোয়ার। ষাটের দশকে গান লেখা শুরু করেন তিনি। দীর্ঘ সৃজনশীল জীবনে ২০ হাজারের বেশি গান রচনা করেছেন বলে জানা যায়। চলচ্চিত্রের গান, দেশাত্মবোধক সংগীত, কাহিনি ও চিত্রনাট্য রচনার পাশাপাশি পরিচালনা ও প্রযোজনাতেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।
তার লেখা অসংখ্য গান বাংলা সংগীতাঙ্গনের অমূল্য সম্পদ হয়ে আছে। ‘জয় বাংলা, বাংলার জয়’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’সহ বহু কালজয়ী গানের স্রষ্টা তিনি। সৃষ্টিশীল কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ নানা সম্মাননা।
২০২২ সালের ৪ সেপ্টেম্বর ৭৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই কিংবদন্তি। তার সৃষ্টিকর্ম ও অবদানকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এফডিসির এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


