...|...|...

সারাদেশ

গাজীপুরে ধাওয়া-পাল্টাধাওয়া, এয়ারপোর্ট সড়কে যান চলাচল স্বাভাবিক

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, দুপুর ১২:২৮
Shares
গাজীপুরে ধাওয়া-পাল্টাধাওয়া, এয়ারপোর্ট সড়কে যান চলাচল স্বাভাবিক

এয়ারপোর্ট সড়কে যান চলাচল স্বাভাবিক। ছবি: টাইমস টুডে

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। তবে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-সংলগ্ন সড়কে এর কোনো প্রভাব দেখা যায়নি। সড়কটিতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকেরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে অবস্থান করলেও বিভিন্ন অলিগলি থেকে বেরিয়ে এসে আবারও মহাসড়ক অবরোধের চেষ্টা করেন বিক্ষোভকারীরা। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, মহাসড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মী বলে দাবি করেছে পুলিশ।

এদিকে, গাজীপুরে শ্রমিক আন্দোলন ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির খবরের পর রাজধানীর বিমানবন্দর-সংলগ্ন সড়কের পরিস্থিতি সরেজমিনে দেখা হয়। শনিবার দুপুর ১২টার দিকে বিমানবন্দর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক দেখা গেছে। সড়কে কোনো ধরনের অবরোধ বা যান চলাচলে বড় ধরনের বিঘ্ন চোখে পড়েনি।

ফলে গাজীপুরে শ্রমিক আন্দোলন ঘিরে উত্তেজনা থাকলেও দুপুর ১২টা পর্যন্ত বিমানবন্দর-সংলগ্ন সড়কে স্বাভাবিক ছিল যান চলাচল।