শীতের আগেই গাজায় ১ লাখ ৫০ হাজার তাঁবু ও জরুরি ত্রাণসামগ্রী প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি ও যুক্তরাজ্য। একই সঙ্গে ত্রাণ প্রবেশে বিলম্ব বন্ধ করে অবিলম্বে সীমান্ত খুলে দেওয়ার দাবি জানিয়েছে দেশ চারটি।
সংবাদমাধ্যম আনাদোলু বলছে, রবিবার (১৫ নভেম্বর) চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে তারা বলেন, গাজায় শীত জেঁকে বসার সঙ্গে সঙ্গে মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। প্রথম শীতকালীন ঝড়ের বৃষ্টিতে সৃষ্ট বন্যা সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রীরা জানান, সীমান্তে বিধিনিষেধের কারণে জরুরিভাবে প্রয়োজনীয় আশ্রয় ও ত্রাণসামগ্রী গাজায় প্রবেশ করতে পারছে না। আবহাওয়া আরও প্রতিকূল হওয়ার আগেই পরিস্থিতি মোকাবিলার সুযোগ রয়েছে। তাই দেরি না করে সীমান্ত খুলে দেওয়া এবং মানবিক সহায়তা ও পুনরুদ্ধার কার্যক্রমের জন্য প্রয়োজনীয় দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানান তারা।
এ ছাড়া, সব পক্ষকে যুদ্ধবিরতি মেনে চলা, আন্তর্জাতিক মানবিক আইন অনুসরণ এবং গাজার জন্য প্রণীত সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে দেশগুলো। যাতে সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষদের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছানো যায়।
এদিকে, ভারী বৃষ্টিতে গাজার বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্র প্লাবিত হয়েছে। এতে বাস্তুচ্যুত পরিবারগুলো তীব্র শীতের ঝুঁকিতে পড়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয়ের (ওসিএইচএ) শুক্রবারের তথ্য অনুযায়ী, বন্যায় দুই লাখের বেশি ফিলিস্তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, প্রায় ৯ লাখ ৫০ হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি বন্যাপ্রবণ এলাকায় বসবাস করছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৬৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নিহতের সংখ্যা ৭৪ হাজার ছাড়িয়েছে। এ সময়ে গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।


