...|...|...

বিশ্ব

গাজায় ইসরায়েলি হামলায় ৩ বছরে ২৬৩ সাংবাদিক নিহত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, সকাল ৯:২২
Shares
গাজায় ইসরায়েলি হামলায় ৩ বছরে ২৬৩ সাংবাদিক নিহত

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি হামলার তিন বছরে প্রাণ হারিয়েছেন ২৬৩ সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। একই সময়ে সাংবাদিকদের আটক, নিখোঁজ এবং গণমাধ্যমের অবকাঠামো ধ্বংসের ঘটনাও ঘটেছে। ফলে যুদ্ধের ভয়াবহতার পাশাপাশি সংবাদ সংগ্রহ করাও গাজায় সাংবাদিকদের জন্য হয়ে উঠেছে জীবন-মরণের ঝুঁকি।

বুধবার (৭ অক্টোবর) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়নের তথ্য অনুযায়ী, নিহত ২৬৩ সাংবাদিকের মধ্যে অনেকে সংবাদ সংগ্রহ ও প্রচারের দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। এ ছাড়া ৫০ জন সাংবাদিককে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে এখনো ২৩ জন আটক রয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও তিন সাংবাদিক।

যুদ্ধের শুরু থেকেই গাজার গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোও হামলার শিকার হয়েছে। বিভিন্ন গণমাধ্যম কার্যালয়, সরঞ্জাম ও অবকাঠামো ধ্বংস হয়েছে। এতে গণমাধ্যম খাতে ক্ষতির পরিমাণ প্রায় ১ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে সংশ্লিষ্টদের তথ্য।

২০২৩ সাল থেকেই সাংবাদিকদের ওপর প্রাণঘাতী হামলার ঘটনা ঘটতে থাকে। যুদ্ধের প্রথম বছরেই একের পর এক সাংবাদিক নিহত হন। ২০২৪ সালেও সেই ধারাবাহিকতা অব্যাহত ছিল। ২০২৫ সালে তাঁবু ও হাসপাতালে হামলার মধ্যেও সাংবাদিকদের প্রাণহানির ঘটনা ঘটে।

যুদ্ধবিরতির পরও সাংবাদিকদের মৃত্যু থামেনি। বিভিন্ন হামলায় আরও সাংবাদিক নিহত হওয়ার তথ্য সামনে এসেছে। ফলে নিরাপত্তাহীনতার মধ্যেই গাজায় সংবাদ সংগ্রহ ও পরিবেশনের কাজ চালিয়ে যেতে হচ্ছে সাংবাদিকদের।

আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশনও গাজায় সাংবাদিকদের প্রাণহানি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে। সংগঠনটির ভাষ্য, এত বিপুলসংখ্যক সাংবাদিকের মৃত্যু সংবাদমাধ্যমের জন্য নজিরবিহীন ক্ষতি।

ঘরবাড়ি ও কার্যালয় হারিয়ে অনেক সাংবাদিককে তাঁবু কিংবা অস্থায়ী জায়গা থেকে কাজ করতে হচ্ছে। স্থায়ী কার্যালয় ও নিরাপদ কর্মপরিবেশ না থাকলেও তাঁরা যুদ্ধের খবর সংগ্রহ ও প্রচার করে যাচ্ছেন। এই পরিস্থিতিকে অনেকেই ‘দেয়ালহীন সাংবাদিকতা’ হিসেবে বর্ণনা করছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় বর্বর ইসরায়েলি হামলায় ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজারের বেশি আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য। একই সময়ে প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে বলে জানানো হয়েছে।

যুদ্ধবিরতির পরও হামলায় ১ হাজার ৪৫৪ জন নিহত এবং ৫ হাজার ৯০ জন আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাবে উল্লেখ করা হয়েছে।